প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

রাষ্ট্রপতির সঙ্গে ইসির সাক্ষাৎ ১০ ডিসেম্বর

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৪ ডিসেম্বর, ২০২৫

নির্বাচন কমিশন (ইসি) আগামী ১০ ডিসেম্বর রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করতে যাচ্ছেন। প্রথা অনুযায়ী, রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতের পর নির্বাচনের তফসিল ঘোষণা করা হতে পারে।

রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতের আগে আগামী ৭ ডিসেম্বর তফসিল নিয়ে নির্বাচন কমিশন নিজেরা সভায় বসবে।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) এক নির্বাচন কমিশনার এসব তথ্য নিশ্চিত করেছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক ওই নির্বাচন কমিশনার বলেন, ১০ ডিসেম্বর রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ হবে। এর দুয়েকদিনের মধ্যে তফসিল ঘোষণা করা হতে পারে।

এর আগে নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার জানান, কমিশন সভায় তফসিলের সময়সূচি নিয়ে সিদ্ধান্ত হবে এবং রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করে তা চূড়ান্ত করা হবে। তিনি ইতোমধ্যে জানিয়েছেন, রোববারের (৭ ডিসেম্বর) বৈঠকের পর সেই সপ্তাহের যেকোনো দিন তফসিল ঘোষণা করা হবে।

ইসি সূত্র জানায়, ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে (৮ ডিসেম্বর, ৯ ডিসেম্বর, ১০ ডিসেম্বর কিংবা ১১ ডিসেম্বর) সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হতে পারে। আর ভোটগ্রহণ হবে ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে (৮ ফেব্রুয়ারি থেকে ১২ ফেব্রুয়ারি মধ্যে যেকোনো একদিন)।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা