বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য খুব শিগগিরই লন্ডনে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। বৃহস্পতিবার (০৪ ডিসেম্বর) বিএনপির নির্ভরযোগ্য সূত্র জানায়, তাঁর সঙ্গে চিকিৎসক ও পরিবারের সদস্য মিলিয়ে মোট ১৪ জন সফরসঙ্গী থাকবেন।
সূত্র জানায়, সফরসঙ্গীদের তালিকায় রয়েছেন—খালেদা জিয়ার পুত্রবধূ সায়েদা শামীলা রহমান, ডা. এ জেড এম জাহিদ হোসেন, ডা. শাহাবুদ্দীন তালুকদার, ডা. ফখরুদ্দীন সিদ্দিকীসহ আরও কয়েকজন বিশেষজ্ঞ চিকিৎসক ও ঘনিষ্ঠ সহকারী।
এদিকে খালেদা জিয়াকে হাসপাতাল থেকে বিদেশে নিতে কাতার ইতোমধ্যে এয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুত রেখেছে বলে ঢাকার কাতার দূতাবাস সূত্র জানিয়েছে।
এভারকেয়ার হাসপাতালে তাঁর চিকিৎসায় সহায়তা দিতে চীনের ছয় সদস্যের একটি বিশেষজ্ঞ মেডিকেল টিম বৃহস্পতিবার সকালে সিসিইউতে পৌঁছে তাঁর সর্বশেষ শারীরিক অবস্থা মূল্যায়ন করছে। চীনা বিশেষজ্ঞদের নেতৃত্ব দিচ্ছেন ডা. Cai Jianfang।
স্থানীয় চিকিৎসকদের সঙ্গে তারা চিকিৎসা পরিকল্পনা নিয়ে আলোচনা করছেন এবং খালেদা জিয়ার উন্নত চিকিৎসা নিশ্চিত করতে আন্তর্জাতিক সহযোগিতাও অব্যাহত থাকবে বলে বিএনপি সূত্র জানিয়েছে।
গত রোববার রাতে অসুস্থতা বেড়ে যাওয়ায় খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। হৃদরোগ, ডায়াবেটিস, লিভার সিরোসিস এবং কিডনির জটিলতাসহ দীর্ঘদিন ধরে তিনি নানা শারীরিক সমস্যায় ভুগছেন। নিউমোনিয়ার কারণেও তাঁর শ্বাসকষ্ট বেড়ে যায়।
চিকিৎসকরা জানিয়েছেন, তিনি বর্তমানে সিসিইউতে চিকিৎসাধীন এবং তাঁর অবস্থা স্থিতিশীল থাকলেও উন্নতির দিকে ধীরে অগ্রসর হচ্ছে।