প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

চবিতে ভুয়া শিক্ষার্থী আটক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২ ডিসেম্বর, ২০২৫

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) আবারও এক ভুয়া শিক্ষার্থীকে আটক করেছে প্রকৃত শিক্ষার্থীরাই। আটক ব্যক্তির নাম সীমান্ত ভৌমিক (১৯), যিনি দীর্ঘদিন ধরে নিজেকে চবির শিক্ষার্থী পরিচয়ে ক্যাম্পাসে ঘোরাফেরা করছিলেন।

মঙ্গলবার (২ ডিসেম্বর) কয়েকজন শিক্ষার্থী তাকে সন্দেহজনক আচরণের কারণে আটক করে প্রক্টরিয়াল অফিসে হস্তান্তর করে।

খুলনা সদর এলাকার বাসিন্দা সীমান্ত ভৌমিক ২০২৪ সাল থেকে দক্ষিণ ক্যাম্পাসের আর.কে. টাওয়ার সংলগ্ন একটি বাসায় ভাড়া থেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সেজে চলাফেরা করছিলেন। সম্প্রতি বিভিন্নজনের কাছ থেকে টাকা ধার নেওয়া ও আচরণগত অসামঞ্জস্যের কারণে বেশ কিছু শিক্ষার্থী তাকে পর্যবেক্ষণে রাখেন। জিজ্ঞাসাবাদের মুখে তিনি স্বীকার করেন যে তিনি চবির শিক্ষার্থী নন।

যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ইখলাস বিন সুলতান জানান, “সীমান্ত বিভিন্নজনের কাছ থেকে টাকা চাইতো। আজ প্রশ্ন করলে সে সত্য স্বীকার করে।”

দর্শন বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী সাখাওয়াত হোসেন সিয়াম বলেন, “২০২৪ সালে তার সঙ্গে পরিচয় হয়। সে বহু দোকানে বাকি খেয়েছে এবং নানা অজুহাতে শিক্ষার্থীদের কাছ থেকেও টাকা নিত। পরে সন্দেহ বাড়লে আমরা বিভাগে খোঁজ নিয়ে জানতে পারি সে মেরিন সায়েন্স বিভাগের শিক্ষার্থী দাবি করলেও কেউ তাকে চেনে না।”

জিজ্ঞাসাবাদে সীমান্ত জানান, বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার ইচ্ছা ছিল। পরিবারের সবাইকে তিনি চবিতে পড়াশোনা করছেন বলেই জানিয়ে এসেছেন। এ সময়ের মধ্যে তিনি মোট ১৮,৬০০ টাকা বিভিন্ন শিক্ষার্থী ও দোকানদারদের কাছ থেকে নিয়েছেন বলেও স্বীকার করেন।

চবির প্রক্টর অধ্যাপক ড. হোসেন শহীদ সরওয়ার্দী বলেন, “শিক্ষার্থীরা এখন অনেক সতর্ক। তাদের উদ্যোগেই ভুয়া শিক্ষার্থীকে শনাক্ত করে নিরাপত্তা দপ্তরে দেওয়া হয়েছে। তদন্ত শেষে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।”

তিনি আরও জানান, মাত্র এক সপ্তাহ আগেই আরেক ভুয়া শিক্ষার্থীকে আটক করা হয়েছিল।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা