বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার ওপর নির্ভর করে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা শিগগিরই হতে পারে বলে মন্তব্য করেছেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মঙ্গলবার (২ ডিসেম্বর) বিকেলে এক গণমাধ্যমকে তিনি জানান, চিকিৎসা বোর্ড খালেদা জিয়ার শারীরিক পরিস্থিতি পর্যালোচনা করার পর তারেক রহমান দেশে ফেরার সিদ্ধান্ত নেবেন। পরিস্থিতি অপরিবর্তিত থাকলে দ্রুতই ফিরতে পারেন তিনি।
এদিকে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন জানিয়েছেন, এখন পর্যন্ত তারেক রহমান ট্রাভেল পাসের জন্য আবেদন করেননি। আবেদন করলেই তা ইস্যু করা হবে।
গত বৃহস্পতিবার (২৭ নভেম্বর) থেকে খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে রেখে নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসা দেওয়া হচ্ছে। দেশি-বিদেশি বিশেষজ্ঞদের সমন্বয়ে অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে একটি মেডিকেল বোর্ড তাঁর চিকিৎসা পরিচালনা করছে।
এদিকে সোমবার রাত থেকে হাসপাতালের নিরাপত্তা আরও কঠোর করা হয়েছে। মূল ফটকের দুই পাশে ব্যারিকেড বসানো হয়েছে এবং পুলিশ মোতায়েন আছে। জরুরি রোগী ও স্বজন ছাড়া কাউকে ভিড় করতে দেওয়া হচ্ছে না। নিরাপত্তা জোরদারের অংশ হিসেবে রাত ২টার দিকে ব্যারিকেড স্থাপন করা হয় বলে জানিয়েছেন পুলিশ সদস্যরা।
হাসপাতাল সূত্রের তথ্য অনুযায়ী, রোগীদের চলাচল নির্বিঘ্ন রাখা ও খালেদা জিয়ার নিরাপত্তা নিশ্চিত করতেই অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।