প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

যমুনা ফিউচার পার্কের সামনে মোবাইল ব্যাবসায়ীদের সড়ক অবরোধ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২ ডিসেম্বর, ২০২৫

ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেনটিটি রেজিস্টার (এনইআইআর) সংস্কার, বাজারে সিন্ডিকেট ভাঙা এবং মোবাইল ফোন আমদানিকে উন্মুক্ত করার দাবিতে রাজধানীর যমুনা ফিউচার পার্কের সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভে নেমেছেন মোবাইল ফোন ব্যবসায়ীরা। তাদের এ অবস্থানের কারণে এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে, ভোগান্তিতে পড়েছেন সাধারণ পথচারী ও যাত্রীরা।

ভাটারা থানার ওসি রাকিবুল হাসান জানান, মঙ্গলবার (২ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে আন্দোলনকারীরা প্রথমে স্বল্প সময়ের জন্য সড়ক অবরোধ করলেও পরে আলোচনা করে তাদের সরিয়ে দেওয়া হয়। তবে বেলা ২টার দিকে আবারও তারা একই স্থানে অবস্থান নিয়ে সড়ক বন্ধ রেখে বিক্ষোভ চালিয়ে যাচ্ছিলেন। এতে কুড়িল-মালিবাগ ও আশপাশের সড়কে যানজট চরম আকার ধারণ করে।

বিমানবন্দর জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) এস এম হাসিবুর রহমান বলেন, সড়ক অবরোধের কারণে কুড়িল বিশ্বরোড ও বিমানবন্দর সড়কে যান চলাচল প্রায় স্থবির হয়ে পড়ে। যমুনা ফিউচার পার্কের সামনে যান চলাচল বন্ধ থাকায় খিলক্ষেত ফ্লাইওভারও অচল হয়ে যায়।

গুলশান ট্রাফিক বিভাগের এডিসি জিয়াউর রহমান জানান, ‘মোবাইল বিজনেস কমিউনিকেশন বাংলাদেশ’ ব্যানারে এই কর্মসূচি চলছে। উত্তরা-রামপুরা এবং রামপুরা-উত্তরা রুটসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে যানজট সৃষ্টি হয়েছে। আলোচনার মাধ্যমে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চলছে।

উল্লেখ্য, আগামী ১৬ ডিসেম্বর থেকে এনইআইআর কার্যক্রম চালু করতে যাচ্ছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি), যার বিরোধিতা করে আসছেন ক্ষুদ্র মোবাইল ব্যবসায়ীরা।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা