রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে সরকার অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি (ভিভিআইপি) হিসেবে ঘোষণা করেছে।
সোমবার (১ ডিসেম্বর) প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানানো হয়। একই সঙ্গে তার নিরাপত্তায় স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ) মোতায়েনের নির্দেশ দেওয়া হয়েছে।
আইন অনুযায়ী ভিভিআইপি হিসেবে ঘোষণা পাওয়ার পর এসএসএফ তার সার্বিক শারীরিক নিরাপত্তা নিশ্চিত করবে। সম্ভাব্য যেকোনো ঝুঁকি বা হুমকি মোকাবিলায় তারা প্রয়োজনীয় নজরদারি, তথ্য সংগ্রহ এবং নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করবে।
বিশেষ নিরাপত্তা বাহিনী আইন, ২০২১–এ উল্লেখ রয়েছে, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী বা অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার পাশাপাশি সরকার ঘোষিত যেকোনো অতি গুরুত্বপূর্ণ ব্যক্তির নিরাপত্তা নিশ্চিত করাও এসএসএফের দায়িত্ব।
এসএসএফকে আইন আরও বিশেষ ক্ষমতা প্রদান করেছে। কারও উপস্থিতি ভিভিআইপি নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ মনে হলে এসএসএফ বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারে। পরিস্থিতি অত্যন্ত সংকটজনক হলে প্রাণঘাতী ব্যবস্থা গ্রহণের সুযোগও আইনে রাখা হয়েছে।