প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

খালেদা জিয়াকে যে কারণে ভিভিআইপি ঘোষণা অন্তর্বর্তী সরকারের

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২ ডিসেম্বর, ২০২৫
অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বিশেষ বৈঠকে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি (ভিভিআইপি) হিসেবে ঘোষণা করা হয়েছে। আজ মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সভাপতিত্বে অনুষ্ঠিত সভা শেষে প্রেস উইং এ তথ্য জানায়।

বিবৃতিতে বলা হয়, বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করে সভায় বিশেষ প্রার্থনা করা হয় এবং দেশবাসীকে তার জন্য দোয়া করার আহ্বান জানানো হয়। তার বর্তমান শারীরিক অবস্থা বিবেচনায় হাসপাতালে নিরাপদ পরিবেশ নিশ্চিত করা, প্রয়োজনে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার প্রস্তুতি, যাতায়াত সুবিধা ও নিরাপত্তায় বিশেষ ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্তও অনুমোদন করা হয়। সিদ্ধান্ত কার্যকরের জন্য সংশ্লিষ্ট সংস্থাগুলোকে তাৎক্ষণিক নির্দেশনা দেওয়া হয়েছে।

বিবৃতিতে আরও জানানো হয়, এসব সিদ্ধান্ত সম্পর্কে খালেদা জিয়ার পরিবার ও বিএনপি অবহিত রয়েছে।

অন্যদিকে দুপুরে খালেদা জিয়ার স্বাস্থ্যের হালনাগাদ তথ্য জানাতে আয়োজিত ব্রিফিংয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও তার ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, দেশবাসীর দোয়ার প্রতি পরিবারের আস্থা রয়েছে। তিনি জানান, চিকিৎসার যে ধাপগুলো চলছে, সেগুলো খালেদা জিয়া গ্রহণ করতে পারছেন। বিদেশে নেওয়ার প্রয়োজনীয়তা আছে কি না—তা মেডিক্যাল বোর্ড পর্যালোচনা করছে। তাদের পরামর্শ ছাড়া বিদেশে নেওয়ার সিদ্ধান্ত সম্ভব নয়।

ডা. জাহিদ সবাইকে গুজব ছড়িয়ে বিভ্রান্তি না ছড়ানোর এবং দায়িত্বশীল আচরণ করার অনুরোধ জানান।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা