প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

খালেদা জিয়ার জন্য এভারকেয়ার হাসপাতালে কড়াকড়ি নিরাপত্তা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২ ডিসেম্বর, ২০২৫

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে। সোমবার গভীর রাত থেকে হাসপাতালের আশপাশে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয় এবং মূল প্রবেশপথের দুই পাশে ব্যারিকেড স্থাপন করা হয়।

মঙ্গলবার (২ ডিসেম্বর) সকালেও দেখা যায়, হাসপাতালের প্রধান ফটকে অনাকাঙ্ক্ষিত ভিড় এড়াতে কঠোর নজরদারি চলছে। শুধু রোগী ও চিকিৎসাসংশ্লিষ্ট ব্যক্তিদের প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে।

আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা জানান, রাত ২টার দিকে নিরাপত্তা বাড়ানোর অংশ হিসেবে ব্যারিকেড বসানো হয়। জনসমাগম যাতে না হয়, সেজন্য পুরো এলাকা নিয়ন্ত্রণে রাখা হচ্ছে।

হাসপাতাল সূত্র বলছে, খালেদা জিয়ার চিকিৎসা প্রক্রিয়া নির্বিঘ্ন রাখতে এবং সাধারণ রোগীদের চলাচল স্বাভাবিক রাখতে এই অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।

দীর্ঘদিন ধরে বিভিন্ন জটিল রোগে ভুগছেন খালেদা জিয়া। ২১ নভেম্বর অসুস্থতা বাড়ায় ২৩ নভেম্বর তাকে জরুরি ভিত্তিতে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। নিউমোনিয়া ও অন্যান্য জটিলতার কারণে গত কয়েক দিনে তার শারীরিক অবস্থা আরও নাজুক হয়ে পড়ে। প্রথমে তাকে এইচডিইউতে রাখা হলেও পরে অবস্থার অবনতি হলে আইসিইউতে স্থানান্তর করা হয়।

বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আযম খান জানিয়েছেন, খালেদা জিয়ার অবস্থা অত্যন্ত সংকটাপন্ন। তিনি দেশবাসীর কাছে তাঁর সুস্থতার জন্য দোয়া কামনা করেন।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা