প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

প্রাথমিক বিদ্যালয়ের দাবি বাস্তবায়নে লাগাতার অবস্থান কর্মসূচি অব্যাহত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২ ডিসেম্বর, ২০২৫

বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের দাবিতে টানা আন্দোলন চালিয়ে যাচ্ছে বাংলাদেশ বেসরকারি প্রাথমিক বিদ্যালয় সাধারণ শিক্ষক ঐক্য পরিষদ। ২০১৩ সালের গেজেট অনুযায়ী জাতীয়করণের আওতায় আসার কথা থাকলেও এখনো বহু বিদ্যালয় বাদ পড়ায় তারা দ্রুত প্রধান উপদেষ্টার হস্তক্ষেপের দাবি জানিয়েছেন।

মঙ্গলবার (২ ডিসেম্বর) জাতীয় প্রেস ক্লাবের সামনে কর্মসূচির ২৪তম দিনে শিক্ষকরা অবস্থান নেন এবং দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।

শিক্ষক নেতারা জানান, ২০১৩ সালের প্রজ্ঞাপনে ২০১২ সালের ২৭ মে’র আগে আবেদন, দলিল ও নিবন্ধন সম্পন্ন করা সব বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের কথা থাকলেও বাস্তবে প্রায় ২৬ হাজার ১৯৩টি বিদ্যালয় জাতীয়করণ হয়েছে, আর ৩০ হাজারের বেশি বিদ্যালয় থেকে বঞ্চিত রয়ে গেছে।

তারা আরও বলেন, ২০১৬ সালে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে জাতীয়করণযোগ্য বিদ্যালয় যাচাইয়ের নির্দেশনা দেওয়া হলেও তা বাস্তবায়ন হয়নি। তৎকালীন মহাপরিচালকও জানান, নির্দেশ পেলেই বাদ পড়া বিদ্যালয়গুলো জাতীয়করণের কাজ শুরু হবে। পরবর্তী সময়ে সংসদের বৈঠক ও জাতীয় বাজেটেও বিষয়টি আলোচনায় আসে, কিন্তু অগ্রগতি হয়নি।

শিক্ষকদের দাবি—গত কয়েক বছরে তারা একাধিকবার আন্দোলন করলেও ফল পাননি। সর্বশেষ ২০২৫ সালের ফেব্রুয়ারিতে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে মন্ত্রণালয়ে ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হলেও কার্যত তেমন কোনো উদ্যোগ দেখা যায়নি। যদিও মন্ত্রণালয়ের কনসালটেশন কমিটি সম্প্রতি পাঁচ হাজার বিদ্যালয় জাতীয়করণের সুপারিশ পাঠিয়েছে বলে তারা জানিয়েছেন।

শিক্ষকরা অভিযোগ করেন, গত ১৫ সেপ্টেম্বর স্মারকলিপি দিতে গেলে পুলিশ জলকামান, সাউন্ড গ্রেনেড ও লাঠিচার্জ চালায়, যাতে বহু শিক্ষক আহত হন। এ ঘটনার বিচারও দাবি করেছেন তারা।

মঙ্গলবারের অবস্থান কর্মসূচিতে বাবুল আক্তার, জুয়েল মিয়া, মো. নিজাম উদ্দিন, কামরুন নাহার নূপুরসহ প্রায় ২০ জন শিক্ষক উপস্থিত ছিলেন। তারা জানান—দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা