বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার চিকিৎসা ও বর্তমান শারীরিক অবস্থা বিষয়ে বিস্তারিত জানাতে আজ মঙ্গলবার দুপুরে সংবাদ সম্মেলন করবেন তার ব্যক্তিগত চিকিৎসক এবং দলের স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। দুপুর ১২টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের ফটকের সামনে এই ব্রিফিং অনুষ্ঠিত হবে।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, গণমাধ্যমকে সর্বশেষ পরিস্থিতি অবহিত করতেই এ আয়োজন করা হয়েছে।
এর আগে সোমবার গভীর রাতে খালেদা জিয়ার চিকিৎসার খোঁজ নিতে হাসপাতালে যান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার সঙ্গে ছিলেন ডা. জাহিদ হোসেন। তারা মেডিক্যাল টিমের সঙ্গে সাবেক প্রধানমন্ত্রীর শারীরিক অবস্থার সর্বশেষ আপডেট নিয়ে আলোচনা করেন। তবে বাইরে এসে সাংবাদিকদের সঙ্গে কোনো বক্তব্য দেননি।
ফুসফুসে সংক্রমণ ও হৃদরোগজনিত জটিলতার কারণে খালেদা জিয়াকে গত ২৩ নভেম্বর হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সিসিইউতে বিশেষজ্ঞ চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসাধীন রয়েছেন।