প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসা চলছে খালেদা জিয়ার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২ ডিসেম্বর, ২০২৫

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা আপাতত স্থিতিশীল থাকলেও উল্লেখযোগ্য কোনো উন্নতি হয়নি। দেশি–বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে তিনি আইসিইউ–সমমানের ইউনিটে নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। এ পরিস্থিতিতে তাঁর শারীরিক অবস্থা নিয়ে গুজব বা ভ্রান্ত তথ্য ছড়ানো থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে বিএনপি।

 

দলের নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে উদ্বেগ–উৎকণ্ঠা বাড়লেও সবাই তাঁর সুস্থতার জন্য দোয়া করছেন। এরই মধ্যে সরকার খালেদা জিয়াকে রাষ্ট্রের ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ (ভিভিআইপি) ঘোষণা করেছে।

 

চিকিৎসায় সহায়তা দিতে চীন থেকে একটি বিশেষজ্ঞ টিম ঢাকায় এসেছে। তারা এভারকেয়ার হাসপাতালে গঠিত মেডিক্যাল বোর্ডের সঙ্গে বৈঠক করে চিকিৎসার আপডেট জানেন। বোর্ডে অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারসহ দেশ–বিদেশের চিকিৎসকরা যুক্ত আছেন। লন্ডন থেকে তারেক রহমান সার্বক্ষণিকভাবে চিকিৎসকদের সঙ্গে সমন্বয় করছেন।

 

সোমবার গুলশানে এক সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন,“খালেদা জিয়ার অবস্থা স্থিতিশীল। তাঁর চিকিৎসা নিয়ে নানা ধরনের ভুল তথ্য ছড়ানো হচ্ছে, কেউ এসব গুজবে কান দেবেন না।”

তিনি দেশবাসীর প্রতি বিএনপি চেয়ারপারসনের আশু রোগমুক্তির জন্য দোয়া করার অনুরোধ জানান।

 

এদিকে বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান সাংবাদিকদের বলেন,খালেদা জিয়ার অবস্থা এখনো “অত্যন্ত সংকটাপন্ন”, এবং চিকিৎসকরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তাঁর বক্তব্যকে কেন্দ্র করে সামাজিক মাধ্যমে ‘ভেন্টিলেশনে নেওয়া হয়েছে’—এমন খবর ছড়িয়ে পড়লেও দল পরে জানায়, খালেদা জিয়া সিসিইউতেই চিকিৎসাধীন, ভেন্টিলেশনে নেওয়ার বিষয়টি সঠিক নয়।

 

গত ২৩ নভেম্বর রাতে এভারকেয়ার হাসপাতালে ভর্তি হওয়ার পর তাঁর ফুসফুসে সংক্রমণ ধরা পড়ে। এরপর থেকে সার্বিক অবস্থা খুব ধীরে পরিবর্তন হচ্ছে বলে জানিয়েছে মেডিক্যাল টিম।

 

দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী বলেন,“আগের মতোই সিসিইউতে চিকিৎসা চলছে। গুজব ছড়িয়ে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে—এসব বিশ্বাস না করাই ভালো।”

তিনি আরও বলেন, খালেদা জিয়া শুধু বিএনপির নয়, দেশের মানুষের হৃদয়ের নেতা।

 

বিএনপি জানায়, চেয়ারপারসনের স্বাস্থ্য নিয়ে আনুষ্ঠানিক আপডেট দেবেন কেবল ডাক্তার জাহিদ হোসেন—এ ছাড়া অন্য কোনো ‘তথ্য’ বিশ্বাস না করার অনুরোধ জানানো হয়েছে।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা