“সব বাধা দূর করি এইডসমুক্ত সমাজ গড়ি।”৷ এই প্রতিপাদ্যকে সামনে রেখে জামালপুরে পালিত হয়েছে এইডস দিবস। দিবসটি উপলক্ষে আজ সোমবার (০১ডিসেম্বর) জামালপুর সিভিল সার্জন কার্যালয় ও অপরাজেয় বাংলাদেশ শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করে মরণব্যাধি এইডস সম্পর্কে জনসচেতনতামূলক প্রচারণা চালিয়েছে।
আলোচনা সভায় স্বাস্থ্য কর্মকর্তারা বলেছেন, অনেক কারণের মধ্যে অনিরাপদ যৌন আচরণই মূলত: এইডস রোগ ছড়িয়ে পড়ার অন্যতম কারণ। এই রোগ থেকে রক্ষা পেতে ধর্মীয় অনুশাসন মেনে চলা এবং নিজেদের সতর্কতা ও সচেতনতাই বড় নিয়ামক।
তারা আরও বলেন, যদি কেউ আক্রান্ত হয়েই থাকেন, তাহলে গোপন রাখা যাবে না। তাহলে তিনি মৃত্যুর দিকে ধাবিত হবেন দ্রুত। এবং তার মাধ্যমে এইডস আরও ছড়িয়ে পড়বে, পরিবারে ও সমাজে। তাই তাকে দ্রুত চিকিৎসার আওতায় আসতে হবে। প্রাথমিক স্টেজেই এইডস রোগের চিকিৎসা শুরু করা গেলে সুস্থ জীবনে ফিরে আসা সম্ভব।
জামালপুরের উন্মুক্ত রানীগঞ্জ যৌনপল্লী হলো এইডস ছড়ানোর অন্যতম উৎস। এছাড়া সমাজে অবৈধ যৌনাচার বা দেহ ব্যবসার নজিরও আছে। ফলে জামালপুর জেলা যে এইডসের ঝুঁকিতে নেই তা কিন্তু নিশ্চিত করে বলা যাবে না।
তবে জামালপুর জেলা সিভিল সার্জন কার্যালয়ের তথ্যমতে, ১ নভেম্বর ২০২৪ থেকে ৩১ অক্টোবর ২০২৫ পর্যন্ত ১১৫৪ জনের এইচআইভি স্ক্রিনিং করা হয়েছে। এরমধ্যে নতুন কোনো এইচআইভি পজিটিভ কেস পাওয়া যায়নি।