ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহসভাপতি (ভিপি) সাদিক কায়েমকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর অভিযোগ উঠেছে। এই অপপ্রচারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে সোমবার বিকেল ৩টার দিকে তিনি ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) কার্যালয়ে অভিযোগ দাখিল করতে উপস্থিত হন। তার সঙ্গে ডাকসুর অন্য নেতারাও ছিলেন।
ডিবি কার্যালয় সূত্রে জানা যায়, অভিযোগ দাখিলের পর কার্যালয়ের গেটে আনুষ্ঠানিক ব্রিফিংয়ের মাধ্যমে বিস্তারিত জানানো হবে।
এর আগে রবিবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে সাদিক কায়েম ঘোষণা দেন যে, ভুঁইফোড় কিছু পেজ তার বিরুদ্ধে মিথ্যা ও সাজানো তথ্য ছড়িয়ে অপপ্রচার চালাচ্ছে। এসব পেজ তার নামে ভুয়া ফটোকার্ডও শেয়ার করছে বলে অভিযোগ করেন তিনি। পোস্টে তিনি উল্লেখ করেন—যে সব পেজ এ ধরনের ভুয়া ও বিভ্রান্তিমূলক তথ্য ছড়াচ্ছে, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।