প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

অস্তিত্বের ঝুঁকিতে ষাটগম্বুজ মসজিদ:দ্রুত ক্ষয়ে যাচ্ছে ১০টি মিহরাব

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১ ডিসেম্বর, ২০২৫

ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্য তালিকাভুক্ত ঐতিহাসিক ষাটগম্বুজ মসজিদ এখন মারাত্মক ঝুঁকির মুখে রয়েছে। পঞ্চদশ শতকের সুলতানি স্থাপত্যের এই অনন্য নিদর্শনের ১০টি মিহরাব দ্রুত নষ্ট হয়ে যাচ্ছে—দক্ষিণে ৫টি, উত্তরে ৪টি এবং কেন্দ্রে প্রধান মিহরাবটিও চরম ক্ষয়প্রাপ্ত।

বিশেষজ্ঞরা জানিয়েছেন, লবণাক্ততা, আর্দ্রতা ও বায়ুদূষণের প্রভাবে ইট, চুনসুরকি ও পাথরের গাঁথুনি দুর্বল হয়ে পড়েছে। দেয়ালের নিচে জমে থাকা লবণের স্ফটিক ইটের বন্ধন ভেঙে দিচ্ছে, ফলে মিহরাবের অলংকরণ বিবর্ণ হয়ে যাচ্ছে এবং দেয়ালে দেখা দিচ্ছে ফাটল।

খুলনা বিশ্ববিদ্যালয়, আইকমস এবং ন্যাশনাল জিওগ্রাফিক সোসাইটির যৌথ গবেষণায় দেখা গেছে, সাম্প্রতিক বছরগুলোতে পরিবেশগত পরিবর্তন ও দূষণের কারণে মসজিদের ক্ষয় উল্লেখযোগ্যভাবে বেড়েছে। এ অবস্থায় প্রত্নতত্ত্ব অধিদপ্তর পাঁচ সদস্যের বিশেষজ্ঞ দল গঠন করে, যারা সরেজমিন পরিদর্শন শেষে জরুরি সংরক্ষণকাজের সুপারিশ দিয়েছে।

কমিটির প্রধান এবং প্রত্নতত্ত্ব অধিদপ্তরের সাবেক মহাপরিচালক ড. মো. শফিকুল আলম জানিয়েছেন, সিডর ও আইলার জলোচ্ছ্বাসের লবণাক্ত পানি বড় ধরনের ক্ষতির কারণ হয়েছে। নরম বেলে পাথর লবণের আক্রমণে দ্রুত ভেঙে যাচ্ছে এবং স্তম্ভের ভেতরে ফাঁকা তৈরি হয়েছে। এতে যেকোনো সময় মিহরাবগুলো ধসে পড়ার ঝুঁকি রয়েছে।

তিনি সতর্ক করে বলেন, মিহরাব ভেঙে পড়লে ইউনেস্কো ষাটগম্বুজ মসজিদকে ‘বিপদাপন্ন বিশ্বঐতিহ্য’ তালিকায় অন্তর্ভুক্ত করতে পারে—যা দেশের জন্য বড় ক্ষতি হবে।

প্রত্নতত্ত্ব অধিদপ্তরের খুলনা-বাংলাদেশ অঞ্চলের আঞ্চলিক পরিচালক লাভলী ইয়াসমিন বলেন, শিগগিরই প্রতিটি দেয়াল, গম্বুজ, স্তম্ভ এবং মিহরাবের ক্ষতির বিস্তারিত নথি তৈরি হবে। ইউনেস্কোর সহায়তায় আন্তর্জাতিক বিশেষজ্ঞদের সমন্বয়ে দীর্ঘমেয়াদি সংরক্ষণ প্রকল্প হাতে নেওয়ার প্রস্তুতি চলছে।
তিনি জানান, দেশে পাথর সংরক্ষণে দক্ষ জনবল না থাকায় আন্তর্জাতিক সহযোগিতা অত্যন্ত প্রয়োজন।

বিশেষজ্ঞরা মনে করছেন, এখনই প্রয়োজনীয় ব্যবস্থা না নিলে শতাব্দীপ্রাচীন এই স্থাপত্য নিদর্শন অপূরণীয় ক্ষতির সম্মুখীন হবে এবং হারিয়ে যেতে পারে বাংলাদেশের এক অনন্য ঐতিহ্য।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা