রাজধানীতে রবিবার রাতে ঘটলো অপ্রত্যাশিত ঘটনা—বাংলাদেশ সচিবালয় স্টেশনে মেট্রো রেলের বগির ছাদে উঠে পড়ায় সাময়িকভাবে বন্ধ হয়ে যায় ট্রেন চলাচল। পরে রাত পৌনে ৯টার দিকে কর্তৃপক্ষের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, নিরাপত্তাজনিত কারণে মেট্রো ট্রেন সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে।
পরে উদ্ধার হওয়া ওই কিশোর জানান, মাত্র ৫০ টাকা দিয়ে টিকিট কেটে অন্যের সহায়তায় সে মেট্রো রেলে ওঠে। ট্রেনের ভেতরে অতিরিক্ত ভিড় ও ধাক্কাধাক্কির কারণে ভয় পেয়ে সে বগির গ্যাপ ধরে উঠে যায় ট্রেনের ছাদে।
স্টেশনে দায়িত্বরত পুলিশ কর্মকর্তা জানান, ছাদে একজন কিশোরের উপস্থিতির খবর পাওয়ার পরই যাত্রী ও পুলিশের যৌথ প্রচেষ্টায় তাকে খোঁজার কাজ শুরু হয়। কয়েকটি বগি তল্লাশির পরও তাকে না পাওয়ায় কন্ট্রোল রুমে যোগাযোগ করে বিদ্যুৎ লাইন বন্ধ করতে বলা হয়। পরে ছাদে অনুসন্ধান চালিয়ে কিশোরকে নিরাপদে নামানো হয়।
মেট্রো রেলের একজন কর্মকর্তা জানান, বগির মধ্যবর্তী স্থানে সার্ভিস স্পেস থাকে, যা জরুরি মেরামতের জন্য ব্যবহৃত হয়। কিশোরটি সেই স্থান দিয়েই ছাদে উঠে যায়। তিনি আরও বলেন, “তার এই কর্মকাণ্ডে শুধুমাত্র মেট্রো রেলেরই নয়, জাতীয় রাজস্বেরও ক্ষতি হয়েছে। বড় ধরনের দুর্ঘটনা হলে দায় বর্তাত কর্তৃপক্ষের ওপর।”
কার্ডটি কোন স্টেশন থেকে কেনা হয়েছে এবং কে বিক্রি করেছে—সেসব বিষয়ও তদন্ত করবে কর্তৃপক্ষ।