প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

বিএনপিতে যোগ দিচ্ছেন রেজা কিবরিয়া: গুলশানে আজ আনুষ্ঠানিক ঘোষণা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১ ডিসেম্বর, ২০২৫

আওয়ামী লীগ নেতা ও সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়ার ছেলে রেজা কিবরিয়া এবার বিএনপিতে আনুষ্ঠানিকভাবে যোগ দিতে যাচ্ছেন। সোমবার (১ ডিসেম্বর) দুপুরে গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে তার যোগদান অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

 

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, বেলা ১১টার দিকে অনুষ্ঠানে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর উপস্থিত থাকবেন।

 

জানা গেছে, আগামী জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ-১ আসন থেকে ধানের শীষের প্রার্থী হতে চান রেজা কিবরিয়া। বিএনপি ইতোমধ্যে যে ২২৭টি আসনে প্রার্থী চূড়ান্ত করেছে, তার মধ্যে ওই আসনটি খালি রাখা হয়েছে।

 

২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি জাতীয় ঐক্যফ্রন্টের ব্যানারে একই আসন থেকে ধানের শীষ প্রতীকেই প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।

 

গণফোরামে যোগ দিয়ে রাজনৈতিক ক্যারিয়ার শুরু করা রেজা কিবরিয়া পরে দলটির সাধারণ সম্পাদক হন। তবে তাকে কেন্দ্র করে দলটিতে বিভক্তির সৃষ্টি হয়। এরপর নুরুল হক নুরকে সঙ্গে নিয়ে গণঅধিকার পরিষদ গঠন করেন তিনি এবং আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন। কিন্তু সেখানেও তার নেতৃত্বকে কেন্দ্র করে পুনরায় বিভাজন তৈরি হয়।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা