প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

খালেদা জিয়ার শারীরিক অবস্থার সামান্য অগ্রগতি: নিবিড় পর্যবেক্ষণে মেডিক্যাল টিম

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১ ডিসেম্বর, ২০২৫

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থায় ধীরে ধীরে কিছুটা উন্নতির লক্ষণ দেখা যাচ্ছে। ডাক্তারদের ডাকে সাড়া দিচ্ছেন তিনি। দেশি–বিদেশি বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত মেডিক্যাল বোর্ড এবং হাসপাতালের চিকিৎসক-নার্সরা সার্বক্ষণিক তাঁর পরিচর্যায় নিয়োজিত রয়েছেন। অন্যদিকে যুক্তরাজ্য থেকে নিয়মিতভাবে তাঁর চিকিৎসার অগ্রগতি সম্পর্কে খোঁজ নিচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

 

রবিবার দলীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে খালেদা জিয়ার সর্বশেষ শারীরিক অবস্থা তুলে ধরেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী।

 

হাসপাতাল সূত্র জানিয়েছে, আগের কয়েক দিনের তুলনায় তিনি ডাক শুনে প্রতিক্রিয়া দেখাচ্ছেন, যা চিকিৎসকরা ইতিবাচক হিসেবে দেখছেন। যদিও গুরুতর অসুস্থতার কারণে উন্নতি খুব বেশি না হলেও তাঁর অবস্থার অবনতি হয়নি।

 

সংবাদ সম্মেলনে রিজভী বলেন,“চেয়ারপারসনের শারীরিক অবস্থা স্থিতিশীল থাকলেও উল্লেখযোগ্য উন্নতি হয়নি। তবে অবনতি না হওয়াটাই এই মুহূর্তে আশার বিষয়।”

তিনি আরও বলেন, “আমরা সবাই তাঁর দ্রুত আরোগ্যের জন্য দোয়া করছি। দেশবাসীরও একই প্রত্যাশা—খালেদা জিয়া দ্রুত সুস্থ হয়ে উঠুন।”

 

দলের শীর্ষ নেতাদের সঙ্গে যোগাযোগ রেখে চিকিৎসার প্রতিটি ধাপ সমন্বয় করছেন তারেক রহমান। লন্ডনে খালেদা জিয়ার আগের চিকিৎসায় যুক্ত থাকা বিশেষজ্ঞদের সঙ্গেও তিনি নিয়মিত কথা বলছেন।

 

এদিকে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দেশের বিভিন্ন স্থানে দোয়া ও প্রার্থনা অনুষ্ঠিত হচ্ছে। মসজিদ, মন্দিরসহ বিভিন্ন স্থানে বিএনপি, ছাত্রদল ও বিভিন্ন সামাজিক সংগঠনের পক্ষ থেকে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। অনেক স্থানে বিশেষ প্রার্থনায় অংশ নিয়েছেন সাধারণ জনগণও।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা