দেশের সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা চার দফা দাবিতে পূর্ণ দিবস কর্মবিরতি পালন করছেন। শ্রমবিরতির অংশ হিসেবে সোমবার (১ ডিসেম্বর) ষষ্ঠ থেকে দশম শ্রেণি পর্যন্ত চলমান বার্ষিক পরীক্ষা বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন তারা।
এর আগে রোববার মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের সামনে দ্বিতীয় দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করেন শিক্ষকরা। পরে বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতির ব্যানারে পূর্ণ দিবস কর্মবিরতির ঘোষণা আসে।
শিক্ষকদের মূল চার দাবির মধ্যে রয়েছে—সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদকে বিসিএস ক্যাডারভুক্ত করা এবং পেশাগত মর্যাদা ও বেতন-ভাতা পুনর্নির্ধারণ।
নেতৃবৃন্দ জানান, সরকারের পক্ষ থেকে আশ্বাস পেলে আসন্ন শুক্র ও শনিবার ছুটির দিনগুলোতে স্থগিত পরীক্ষাগুলো গ্রহণ করা হবে এবং ডিসেম্বরের মধ্যেই ফল প্রকাশ করা হবে। তবে দাবি পূরণ না হলে কর্মবিরতি অব্যাহত থাকবে বলেও জানানো হয়। উল্লেখ্য, গত ২৪ নভেম্বর থেকে বার্ষিক পরীক্ষা শুরু হয়েছিল।
অন্যদিকে, ১১তম গ্রেডে বেতন-ভাতা পুনর্নির্ধারণসহ তিন দফা দাবিতে বিভিন্ন জেলায় প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদেরও কর্মবিরতি চলছে। আজ যেসব বিদ্যালয়ে বার্ষিক পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল, তা অনিশ্চয়তায় পড়ায় শিক্ষার্থী-অভিভাবকদের মধ্যে উদ্বেগ বিরাজ করছে।