প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

কনটেন্ট শুট করতে গিয়ে দগ্ধ আল-আমিন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১ ডিসেম্বর, ২০২৫

ময়মনসিংহের গৌরীপুরে অনলাইন দুনিয়ায় বিভিন্ন হাস্যরসাত্মক ও অদ্ভুত ধরনের ভিডিও বানিয়ে পরিচিতি পাওয়া কনটেন্ট ক্রিয়েটর আল-আমিন (৪০) এবার কনটেন্ট শুট করতে গিয়ে গুরুতরভাবে অগ্নিদগ্ধ হয়েছেন। বর্তমানে তিনি রাজধানীর বারডেম হাসপাতালের বার্ন ইউনিটে মৃত্যুশয্যায় লড়ছেন।

 

গত ২৮ নভেম্বর সকালে, দাড়িয়াপুর ইটখলার মোড় এলাকায় একটি কৃত্রিম চৌবাচ্চায় মাচা তৈরি করে আগুন পোহাতে পোহাতে গোসল করার কনটেন্ট তৈরির প্রস্তুতি নিচ্ছিলেন তিনি। পরিকল্পনা ছিল—চৌবাচ্চায় পেট্রোল ঢেলে আগুন জ্বালিয়ে তার মধ্যে গোসলের দৃশ্য ধারণ করা। কিন্তু অতিরিক্ত পেট্রোল ব্যবহার করায় আগুন ভয়াবহ রূপ নেয় এবং মুহূর্তেই আল-আমিন দগ্ধ হন।

 

সহকারীরা জানান, তার ৩৫–৪০ শতাংশ শরীর পুড়ে গেছে। প্রথমে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে চিকিৎসকদের পরামর্শে বারডেম হাসপাতালের বার্ন ইউনিটে স্থানান্তর করা হয়।

 

দুর্ঘটনার মুহূর্তের একটি ভিডিও ইতোমধ্যে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। সেখানে দেখা যায়—আগুন দাউদাউ করে জ্বলতে থাকায় আল-আমিন আতঙ্কে পানিতে ঝাঁপ দেন, কিন্তু তাতেও তিনি রক্ষা পাননি।

 

কনটেন্টের ধারাভাষ্যকার আজাদ হোসেন জনি জানান, আল-আমিন বর্তমানে সিসিইউতে চিকিৎসাধীন, তার অবস্থা সঙ্কটাপন্ন।

সহকারী সুবল চন্দ্র অধিকারী সবার কাছে তার সুস্থতার জন্য দোয়া কামনা করেছেন।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা