বিগত সরকার আমলে তিন বাহিনীর যেসব সদস্য বৈষম্য, অবিচার ও নিপীড়নের শিকার হয়েছেন, তাদের ন্যায়বিচার নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
রোববার (৩০ নভেম্বর) রাষ্ট্রীয় অতিথি ভবন ‘যমুনা’-তে তিন বাহিনীর অবসরপ্রাপ্ত ও বরখাস্ত কর্মকর্তাদের অভিযোগ যাচাই-বাছাই কমিটির প্রতিবেদন গ্রহণ শেষে তিনি এ মন্তব্য করেন।
প্রধান উপদেষ্টা বলেন, দায়িত্ব দেওয়ার সময় মনে হয়েছিল অভিযোগের সংখ্যা খুব বেশি নয়; তবে কমিটি যে বাস্তব চিত্র তুলে ধরেছে, তা অত্যন্ত উদ্বেগজনক ও অস্বাভাবিক। তিনি কমিটির প্রতি তাদের নিরপেক্ষ ও পেশাদার তদন্তের জন্য ধন্যবাদ জানান।
কমিটির প্রতিবেদনে জানানো হয়, মোট ৭৩৩টি অভিযোগের মধ্যে ৪০৫টি আমলে নেওয়া হয়েছে। এর মধ্যে সেনাবাহিনীর ১১৪ জন, নৌবাহিনীর ১৯ জন ও বিমানবাহিনীর ১২ জন কর্মকর্তার বিষয়ে বিভিন্ন ধরনের পুনর্বিবেচনার সুপারিশ করা হয়েছে—যার মধ্যে রয়েছে স্বাভাবিক অবসর, পদোন্নতি, বকেয়া বেতন-ভাতা এবং সুবিধাদি প্রদান। চার কর্মকর্তার ক্ষেত্রে চাকরিতে পুনর্বহালের সুপারিশও করেছে কমিটি।
তদন্তে উঠে আসে, কয়েকজন অফিসারকে রাজনৈতিক সংশ্লিষ্টতা বা জঙ্গিবাদের অপবাদ দিয়ে বেআইনিভাবে আটক, নির্যাতন বা গুম করার ঘটনা ঘটেছে। এমনকি এক অবসরপ্রাপ্ত অফিসারকে সাজানো নাটকের মাধ্যমে হত্যা এবং তার স্ত্রীকে শিশুসহ দীর্ঘ ছয় বছর কারাবন্দি রাখার তথ্যও প্রকাশ পায়।
এ ছাড়া ২০০৯ সালের বিডিআর বিদ্রোহের সময়কার ঘটনাকে কেন্দ্র করে অভিযোগ সাজিয়ে কয়েকজনকে শাস্তি এবং ১/১১-এর সময় মিথ্যা অভিযোগে বরখাস্ত হওয়ার ঘটনাও তদন্তে উঠে আসে।
কমিটির চেয়ারম্যান অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল আব্দুল হাফিজ জানান, বিভিন্ন বাহিনীর গঠিত বোর্ডের পূর্ববর্তী সুপারিশ, আবেদনকারীদের সরাসরি সাক্ষাৎকার এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগের ভিত্তিতে প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে।
বৈঠকে সামরিক সচিবসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।