ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম বলেছেন, বেগম খালেদা জিয়ার পুরো রাজনৈতিক জীবনে দেশের স্বার্থে তার আপসহীন অবস্থানই তাকে বিশেষভাবে আলাদা করেছে। শৈশব থেকে তার যে ভাবমূর্তি তিনি দেখেছেন— তা হলো নম্রতা, ধৈর্য ও দৃঢ়তার এক সমন্বয়।
রোববার (৩০ নভেম্বর) নিজ ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এসব মন্তব্য করেন।
তিনি লেখেন, ১/১১ থেকে শুরু করে বর্তমান পর্যন্ত নানা প্রতিকূলতা ও নির্যাতনের মুখেও খালেদা জিয়া যে দৃঢ়তা দেখিয়েছেন, তা তাকে জাতীয় নেতৃত্বের এক আলাদা প্রতীক হিসেবে প্রতিষ্ঠিত করেছে।
জাহিদুল ইসলাম বলেন, বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের রাজনীতিতে জাতীয় ঐক্যের চেষ্টা, বৈশ্বিক শক্তির আধিপত্যের বিরুদ্ধে অবস্থান ও পাহাড়ী অঞ্চলে কৌশলী ভূমিকা তাকে সবসময় অনুপ্রাণিত করেছে। তার মতে, জিয়া জনগণকে বিভক্ত নয়, বরং এক করার রাজনীতি করেছিলেন।
বেগম জিয়ার বর্তমান শারীরিক অবস্থা প্রসঙ্গে তিনি উল্লেখ করেন, তার অসুস্থতা নিয়ে দলমত-নির্বিশেষে মানুষের উদ্বেগ ও দোয়ার প্রার্থনা দেশের রাজনৈতিক ইতিহাসে ব্যতিক্রমধর্মী। তিনি মনে করেন, দেশের চলমান পরিবর্তনের সময় জাতীয় সিদ্ধান্ত ও দিকনির্দেশনায় তার অভিজ্ঞতা আগামী প্রজন্মের জন্য গুরুত্বপূর্ণ।
তরুণদের রাজনৈতিক মনোভাব নিয়ে তিনি বলেন, তারা ব্যক্তি বা দলের বিরুদ্ধে নয়; বরং যারা ফ্যাসিবাদী আচরণ করে বা প্রভাবশালী শক্তির কাছে নতি স্বীকার করে— নতুন প্রজন্ম তাদের পছন্দ করে না। বিএনপি প্রতিষ্ঠাতার আদর্শ ধরে রাখতে পারলে দলটি শক্তিশালী থাকবে বলেও মন্তব্য করেন তিনি।
জাহিদুল ইসলাম আরও বলেন, বাম ঘরানার রাজনীতি ও কিছু তথাকথিত বন্ধুরাষ্ট্র দেশের দীর্ঘমেয়াদি স্বার্থে তেমন কার্যকর ভূমিকা রাখেনি; বরং নানা সময়ে বিভাজন ও স্বার্থসিদ্ধির চর্চাই বেশি দেখা গেছে।
অতীতে কারাবন্দি থাকা সময়ের অভিজ্ঞতা উল্লেখ করে তিনি দাবি করেন, আওয়ামী লীগের দমন-পীড়নের শিকার বিএনপি ও শিবির-জামায়াতের বহু নেতাকর্মীকে তিনি দেখেছেন। তার মতে, ৩৬ জুলাই পরবর্তী সময়ে বিএনপির কিছু রাজনৈতিক সিদ্ধান্ত অতীত সংগ্রামের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।
শেষে তিনি আশা প্রকাশ করেন— দেশের বৃহত্তর স্বার্থে সহনশীল, আদর্শভিত্তিক ও ঐকমত্যের রাজনীতি প্রতিষ্ঠিত হবে।