প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

ভোলা-বরিশাল সেতুর দাবিতে চবিতে মানববন্ধন

চবি প্রতিনিধি
প্রকাশিত: ৩০ নভেম্বর, ২০২৫

ভোলা জেলা থেকে বরিশাল পর্যন্ত সেতু নির্মাণের দাবিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন কর্মসূচি আয়োজন করা হয়েছে। ভোলা-বরিশাল মানুষের যাতায়াতের ভোগান্তি লাঘবে দ্রুত সময়ে দুই জেলার মাঝে সেতু নির্মাণ করতে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের জোর দাবি জানানো হয়।রবিবার (৩০ নভেম্বর) সকাল সাড়ে দশটায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার চত্বরে মানববন্ধন আয়োজন করা হয়।

ভোলা জেলা স্টুডেন্টস’ অ্যাসোসিয়েশন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এর উদ্যোগে আয়োজিত এই মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও ইন্সটিটিউটের শিক্ষক ও শিক্ষার্থীসহ ভোলা জেলা স্টুডেন্টস’ অ্যাসোসিয়েশনের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

মানববন্ধনে উপস্থিত ছিলেন ম্যানেজমেন্ট বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ খালিদ আফজাল, ফার্সি ভাষা ও সাহিত্য বিভাগের সহযোগী অধ্যাপক ড. আব্দুল করিম, অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি তামিম হোসেন, সাবেক সহ-সভাপতি ইসমাইল হোসেনসহ বর্তমান সভাপতি মিনহাজুর রহমান ও সাধারণ সম্পাদক মুহাম্মদ রায়হান।

মানববন্ধনে সঞ্চালনা করেন ভোলা জেলা স্টুডেন্টস’ অ্যাসোসিয়েশনের বর্তমান সাধারণ সম্পাদক মুহাম্মদ রায়হান। এতে বক্তব্য রাখেন ম্যানেজমেন্ট বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ খালিদ আফজাল। তিনি বলেন, “ভোলা-বরিশাল সেতু নির্মাণ ভোলাবাসীর একটি মৌলিক অধিকার। সরকারের প্রতি আমাদের সুস্পষ্ট আহ্বান—এই সেতুর দ্রুত নির্মাণ নিশ্চিত করা হোক।”

এসময় ভোলা জেলা স্টুডেন্টস’ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মুহাম্মদ রায়হান বলেন, “ভোলা জেলার মানুষ সবসময়ই পারস্পরিক আদান-প্রদানে বিশ্বাসী। ভোলা থেকে গ্যাস সারাদেশে সরবরাহ করা হলেও ভোলাকে দেশের মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন রাখা কোনোভাবেই বৈষম্যহীন নতুন বাংলাদেশের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। তাই আমরা অতি দ্রুত ভোলা-বরিশাল সেতুর বাস্তবায়ন চাই।”

অনুষ্ঠানে বক্তারা ভোলা-বরিশাল সেতুর মাধ্যমে ভোলার যোগাযোগব্যবস্থা উন্নয়ন, শিল্পায়ন ও পর্যটন সম্ভাবনার প্রসার ঘটবে বলে মতামত দেন। একই সঙ্গে তারা সরকারের প্রতি সেতু নির্মাণে দ্রুত পদক্ষেপ নেওয়ার জোর দাবি জানান।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা