বাংলাদেশ সচিবালয়ের নতুন প্রশাসনিক ভবন (১ নম্বর ভবন) থেকে হঠাৎ ধোঁয়া বের হতে দেখা যায়, এরপর ভবনজুড়ে একের পর এক ফায়ার অ্যালার্ম বাজতে শুরু করলে কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সবাইকে দ্রুত ভবন থেকে বের হয়ে নিরাপদ স্থানে যেতে দেখা যায়।
রোববার (৩০ নভেম্বর) দুপুর ২টার দিকে ফায়ার অ্যালার্ম সক্রিয় হয়। ভবন থেকে নামতে থাকা ব্যক্তিরা জানান, ধোঁয়া দেখা যায় ভবনের ১০ তলায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কয়েকটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
রবিউল নামে এক কর্মকর্তা বলেন, “হঠাৎই হুইসেল বাজতে শুরু করে। কিছুক্ষণ পর উপরের তলা থেকে ধোঁয়া উঠতে দেখি। তখনই আমরা তাড়াতাড়ি নিচে নেমে আসি।”
আরেক কর্মচারী জানান, “প্রথমে ভেবেছিলাম সাধারণ ধোঁয়া হবে। পরে দেখি বেশ বড় আকারে ধোঁয়া বের হচ্ছে। সবাই দ্রুত ভবন ত্যাগ করেছে। এখনও ঠিক কী কারণে ধোঁয়া হয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি।”
ঘটনার পর পুরো ভবনের কর্মকর্তা-কর্মচারীরা ভবন ছাড়েন। সচিবালয়ের এই ভবনে জনপ্রশাসন মন্ত্রণালয় এবং মন্ত্রিপরিষদ বিভাগের দপ্তর রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও সতর্ক অবস্থানে রয়েছে কর্তৃপক্ষ।