প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কে ৬ লেনের দাবিতে সড়ক অবরোধ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩০ নভেম্বর, ২০২৫

চট্টগ্রামের সাতকানিয়ায় চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়ককে ৬ লেনে উন্নীত করার দাবিতে সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছেন স্থানীয় বাসিন্দারা।

রোববার (৩০ নভেম্বর) সকাল ৯টার দিকে উপজেলার কেরানিহাট এলাকায় বিক্ষোভকারীরা মহাসড়কে অবস্থান নিলে যানবাহন চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। এ সময় তারা মহাসড়কটি দ্রুত প্রসস্ত করার দাবিতে বিভিন্ন স্লোগান দেন।

বিক্ষোভকারীরা জানান, বর্তমানে এই গুরুত্বপূর্ণ সড়কটি দুর্ঘটনার ‘হটস্পটে’ পরিণত হয়েছে। প্রায় প্রতিদিনই বড় ধরনের দুর্ঘটনা ঘটছে, যা সংবাদমাধ্যমে নিয়মিত প্রকাশিত হচ্ছে। বহুবার দাবি জানালেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে কার্যকর উদ্যোগ দেখছেন না স্থানীয়রা। তাই বাধ্য হয়েই তারা বিক্ষোভের পথ বেছে নিয়েছেন।

তাদের দাবি, চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়ক শুধু স্থানীয়দের নয়—দেশের অর্থনীতি, পর্যটন শিল্প, কক্সবাজারমুখী যাত্রী, এমনকি রোহিঙ্গা ত্রাণ কার্যক্রমের সঙ্গেও গভীরভাবে জড়িত। প্রতিদিন হাজারো যানবাহন এই সড়ক ব্যবহার করে। কিন্তু দেশের অন্যতম ব্যস্ত এই মহাসড়কের বহু অংশ এখনো অত্যন্ত সরু; জাঙ্গালিয়া এলাকার মতো কিছু অংশ আবার ঢালু ও বাঁকযুক্ত। রাতে লবণবাহী গাড়ির চলাচলে রাস্তা আরও পিচ্ছিল হয়ে যায়, যা দুর্ঘটনার ঝুঁকি বাড়ায়। প্রতিবার দুর্ঘটনার পর সড়ক প্রশস্ত করার আশ্বাস এলেও বাস্তবে তেমন কোনো অগ্রগতি হয়নি।

উল্লেখ্য, এর আগে গত ৬ এপ্রিল একই দাবিতে চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়। পরে ১১ এপ্রিল অন্তর্বর্তী সরকারের সড়ক পরিবহন উপদেষ্টা ড. মুহাম্মদ ফাওজুল কবির খানকেও স্মারকলিপি দেওয়া হয়। তবুও দীর্ঘদিন ধরে দৃশ্যমান অগ্রগতি না হওয়ায় এলাকাবাসী আবারও আন্দোলনে নেমেছেন।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা