প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

বিদেশে নেওয়ার মতো অবস্থায় নন খালেদা জিয়া, উন্নতি হলে দ্রুত সিদ্ধান্ত: মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৯ নভেম্বর, ২০২৫

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা এখনও বিদেশে নেওয়ার উপযোগী নয় বলে জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তবে তার শারীরিক অবস্থার উন্নতি হলে বিদেশে চিকিৎসার বিষয়ে প্রয়োজনীয় ভিসা ও যোগাযোগের প্রক্রিয়া প্রস্তুত রয়েছে বলেও তিনি জানিয়েছেন।

শনিবার (২৯ নভেম্বর) গুলশানে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল বলেন, “খালেদা জিয়ার শারীরিক পরিস্থিতি এখনো বেশ জটিল। এভারকেয়ার হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছে। যুক্তরাষ্ট্রের জন হপকিন্স এবং লন্ডনের বিশেষজ্ঞরাও মেডিক্যাল বোর্ডে যুক্ত আছেন। তারা সার্বিক অবস্থা পর্যবেক্ষণ করে চিকিৎসার দিকনির্দেশনা দিচ্ছেন।”

বিদেশে নেওয়ার প্রসঙ্গে তিনি বলেন, “চিকিৎসকদের মতে বিদেশে নেওয়ার প্রয়োজন হতে পারে, তবে তিনি এখন সেই অবস্থায় নেই। তার অবস্থা স্থিতিশীল হলে বিদেশে নেওয়ার বিষয়টি বিবেচনায় আনা হবে।”

মির্জা ফখরুল আরও জানান, “ভিসা, চিকিৎসার গন্তব্য দেশগুলো—এসব বিষয়ে আগেই যোগাযোগ করা হয়েছে। যদি দেখা যায় তিনি উড়োজাহাজে ওঠার উপযোগী হয়েছেন, তাহলে খুব দ্রুত সিদ্ধান্ত নেওয়া সম্ভব।”

তিনি দেশবাসীর উদ্দেশে অনুরোধ জানিয়ে বলেন, “খালেদা জিয়ার অসুস্থতার খবর শুনে অনেকে হাসপাতালে এসে ভিড় করছেন, যা চিকিৎসা কার্যক্রমে বাধা সৃষ্টি করছে। সকলকে অনুরোধ—হাসপাতালের সামনে ভিড় না করার জন্য।”

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা