কুষ্টিয়ার দৌলতপুরে জনি হোসেন (৩২) নামে এক যুবককে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয়েছে।আজ শনিবার (২৯ নভেম্বর) বেলা ১টার দিকে রামকৃষ্ণপুর ইউনিয়নের মহিষকুন্ডি মাঠপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত জনি জামালপুর গ্রামের মৃত জাকির হোসেনের ছেলে।
স্থানীয় সূত্র বলছে, জনি ও সোহান নামের এক ব্যক্তির মধ্যে দীর্ঘদিন ধরে মাদক লেনদেন নিয়ে বিরোধ চলছিল। টাকা-পয়সা নিয়ে বিরোধের জেরে শুক্রবার সন্ধ্যায় তাদের মধ্যে তর্ক-বিতর্ক হয়। পরে সোহানের অনুসারীরা জনিকে মারধর করে এবং হত্যার হুমকি দেয়।
হুমকির পর জনি মহিষকুন্ডি মাঠপাড়া এলাকায় আশ্রয় নেন। তবে শনিবার দুপুরে বাড়ি ফেরার পথে সোহানের নেতৃত্বে ৫০-৬০ জন জনিকে লক্ষ্য করে হামলা চালায়। দেশীয় অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপাতে কোপাতে তাকে হত্যা করে । এলাকায় আতঙ্ক ছড়াতে কয়েক রাউন্ড ফাঁকা গুলিও ছোড়া হয়।
দৌলতপুর থানার ওসি সোলায়মান শেখ জানান, মহিষকুন্ডি মাঠপাড়ায় একটি হত্যাকাণ্ডের খবর পেয়েছি। পুলিশ ঘটনাস্থলে রয়েছে। তদন্ত চলছে, প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।