বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিদেশে চিকিৎসা করানোর সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন দলের ভাইস চেয়ারম্যান আহমেদ আযম খান। তিনি বলেন, এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে নিবিড় পর্যবেক্ষণে থাকা খালেদা জিয়া বিদেশে নেওয়ার জন্য প্রয়োজন হলে এয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুত রয়েছে।
২৩ নভেম্বর ফুসফুসে সংক্রমণ ও হৃদযন্ত্রের জটিলতায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। প্রায় ৮০ বছর বয়সী এই নেত্রী দীর্ঘদিন ধরে জটিল রোগে ভুগছেন। দেশি-বিদেশি বিশেষজ্ঞদের সমন্বয়ে মেডিকেল বোর্ডের অধীনে সিসিইউতে তার চিকিৎসা চলছে।
দেশের বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা নিয়মিতভাবে তার শারীরিক খবর নিতে হাসপাতালে যাচ্ছেন। জাতীয় নাগরিক পার্টির প্রতিনিধিরা জানিয়েছেন, খালেদা জিয়া সজাগ ও সচেতন অবস্থায় আছেন এবং চিকিৎসকদের নির্দেশনা বুঝতে পারছেন।
রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসও তার দ্রুত আরোগ্যের জন্য উদ্বেগ প্রকাশ করেছেন এবং প্রার্থনা জানিয়েছেন।
এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম ফেসবুকে লিখেছেন, বেগম খালেদা জিয়া বাংলাদেশের গণতান্ত্রিক সংগ্রামের অনন্য অনুপ্রেরণা। দীর্ঘ রাজনৈতিক জীবনে গণতন্ত্র ও জাতীয় স্বার্থ রক্ষায় তার অবদানের কারণে তার সুস্থতা ও দীর্ঘায়ু বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ।