প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

খালেদা জিয়ার প্রতি ব্যক্তিগত ঋণ ও শ্রদ্ধা জানিয়ে আবেগঘন স্ট্যাটাস রাষ্ট্রদূত মুশফিকের

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৯ নভেম্বর, ২০২৫

সংকটাপন্ন অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রতি ব্যক্তিগত সম্মান ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন মেক্সিকোতে নিযুক্ত বাংলাদেশি রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী। শনিবার (২৯ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক আবেগঘন পোস্টে তিনি জানান, খালেদা জিয়া তার জীবনে শুধু একজন রাষ্ট্রনেত্রী নন, বরং জীবন পরিবর্তনের প্রকৃত অনুপ্রেরণা।

মুশফিকুল ফজল লিখেছেন, মাত্র ২৬ বছর বয়সে প্রধানমন্ত্রীর কার্যালয়ে কাজ শুরু করার সুযোগ তার জীবনে বড় মোড় এনে দিয়েছিল। তখনকার প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সান্নিধ্য, পরামর্শ এবং স্নেহই তাকে আজকের অবস্থানে পৌঁছাতে সাহায্য করেছে।

তিনি আরও বলেন, মানবাধিকার ও গণতন্ত্র নিয়ে আন্তর্জাতিক প্ল্যাটফর্মে যখনই কথা বলেছেন—জাতিসংঘ, যুক্তরাষ্ট্র বা অন্য কোথাও—সেখানে খালেদা জিয়ার অবদানই তুলে ধরেছেন গর্বের সঙ্গে।
হাসিনা সরকারের আমলে তার ওপর সংঘটিত নির্যাতন ও দমন-পীড়নের কথাও তুলে ধরেন তিনি।

রাষ্ট্রদূত মুশফিক আরও উল্লেখ করেন, রাজনৈতিক চাপ, হয়রানি ও নিরাপত্তাজনিত কারণে ২০১৬ সালে পরিবারসহ লন্ডনে যাওয়া এবং পরে যুক্তরাষ্ট্রে স্থায়ী হওয়ার সিদ্ধান্তেও খালেদা জিয়া গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
সাম্প্রতিক সময়ে হাসপাতালে থাকা অবস্থায়ও খালেদা জিয়া তার সঙ্গে কথা বলতে চেয়েছেন—যা রাষ্ট্রদূতের কাছে আবেগের স্থান দখল করেছে।

তিনি আফসোস করে বলেন, সরকারি নিয়ম ও চিকিৎসাগত সীমাবদ্ধতার কারণে এখনই বাংলাদেশে গিয়ে খালেদা জিয়ার পাশে দাঁড়ানো সম্ভব হচ্ছে না। দূর দেশ থেকেই তিনি তার সুস্থতার জন্য প্রার্থনা জানাচ্ছেন।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা