ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হতে পারে—এমন আশা প্রকাশ করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।
শনিবার সকালে রাজধানীর শেরেবাংলা নগর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে মক ভোটিং কার্যক্রম পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় এ মন্তব্য করেন।
সিইসি বলেন, গণভোট বিষয়ে এখনও জোরালো প্রচারণা শুরু হয়নি, তবে খুব শিগগির সরকার ও নির্বাচন কমিশন যৌথভাবে বৃহৎ পরিসরে প্রচারণা চালাবে। সে অনুযায়ী প্রস্তুতি নেওয়া হচ্ছে।
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তিনি বলেন, “দেশের আইনশৃঙ্খলা আগের তুলনায় অনেক উন্নত হয়েছে। বিভিন্ন বাহিনী সক্রিয়ভাবে দায়িত্ব পালন করছে। কিছু বিচ্ছিন্ন অপরাধ হলেও সামগ্রিক অবস্থা নিয়ন্ত্রণে রয়েছে।”
মক ভোটিং আয়োজন সম্পর্কে নাসির উদ্দিন জানান, জনগণের ভোটাধিকার প্রয়োগের অভিজ্ঞতা বাড়াতে এবং দুই ব্যালট ব্যবহারে ভোটারদের সময় ও পদ্ধতি পর্যবেক্ষণের জন্যই এ উদ্যোগ নেওয়া হয়েছে। গত ১৫ বছরে ভোট প্রদানের স্বাভাবিক প্রক্রিয়া থেকে মানুষ কিছুটা দূরে সরে গেছে, তাই তাদের সচেতন করতে এ আয়োজন গুরুত্বপূর্ণ।