প্রিন্ট তারিখ: ১৮ নভেম্বর, ২০২৬
Logo

মির্জাপুরে পরকীয়া সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৯ নভেম্বর, ২০২৫

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় পরকীয়া সন্দেহকে কেন্দ্র করে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার রাতে মহেড়া ইউনিয়নের গ্রামনাহালি এলাকায় এ ঘটনা ঘটে। পরে পুলিশ অভিযান চালিয়ে দুইজনকে আটক করে আদালতে পাঠিয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—গ্রামনাহালি গ্রামের রাশেদুল ইসলাম (৩৬) ও তার চাচাতো ভাই ইয়ামিন ইসলাম (৩০)।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, প্রবাসফেরত রাশেদুল ইসলামের স্ত্রী নিশি বেগমের সঙ্গে জামালপুরের বকশীগঞ্জের হাসমত উল্লাহ হাসু (৩০) নামে এক ব্যাংক কর্মীর পরকীয়া সম্পর্ক গড়ে ওঠে। রাশেদুল দেশে ফেরার পরও হাসু নানাভাবে তার সঙ্গে যোগাযোগ বজায় রাখার চেষ্টা করছিল।

বৃহস্পতিবার রাতে নিশি বেগমের সঙ্গে দেখা করতে এলে রাশেদুল ও তার স্বজনরা হাসুকে ‘চোর’ বলে সন্দেহ সৃষ্টি করে আটক করে এবং মারধর চালায়। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে জামুর্কী স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে কুমুদিনী হাসপাতালে নেওয়া হয়। রাত ২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

ঘটনার পরপরই পুলিশ দুইজনকে গ্রেপ্তার করে। নিহতের ভাই রহমত উল্লাহ ছয়জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করে মামলা করেছেন।

মির্জাপুর থানার ওসি মুহাম্মদ রাশেদুল ইসলাম জানান, পরকীয়া সম্পর্কের জেরে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। মামলার আওতায় গ্রেপ্তার দুইজনকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা