জামালপুরের ইসলামপুর উপজেলার বাইপাস সড়কে পাটনীপাড়া ব্রিজের কাছে মোটরসাইকেল ও একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মাসুম (বয়স আনুমানিক ২২–২৩), পিতা—সুলতান, নামের এক যুবক গুরুতর আহত হয়েছেন। শুক্রবার (২৮ নভেম্বর) দুপুরে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়দের বরাত দিয়ে জানা যায়, সংঘর্ষের ধাক্কায় মোটরসাইকেলটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং চালক মাসুম ছিটকে রাস্তার পাশের গভীর খাদে পড়ে যান। দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে স্থানীয়রা তাকে উদ্ধার করে ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।
দুর্ঘটনায় ট্রাকটিও নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদের মধ্যে পড়ে যায়। এলাকাবাসীর অভিযোগ, পাটনীপাড়া ব্রীজসংলগ্ন বাইপাস সড়কটি দীর্ঘদিন ধরেই ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে এবং প্রায়ই এখানে দুর্ঘটনা ঘটে। তারা দ্রুত সড়কটির সংস্কার, যথাযথ সাইনাল ব্যবস্থা ও নিরাপত্তা ব্যবস্থার জোরদার দাবি জানিয়েছেন।