প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

লক্ষ্মীপুরে মোটরসাইকেল-অটোরিকশার সংঘর্ষে দুই তরুণ নিহত

লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশিত: ২৮ নভেম্বর, ২০২৫

লক্ষ্মীপুরের রামগঞ্জে মোটরসাইকেল ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংর্ঘষে দুই তরুণ নিহত হয়েছেন।

 

শুক্রবার (২৮ নভেম্বর) বিকেলে উপজেলার খলিফার দরজা ও কাটাখালি এলাকায় রামগঞ্জ-হাজীগঞ্জ সড়কে এ দুর্ঘটনা ঘটে।

 

নিহতরা হলেন- হৃদয় হোসেন (২৫) ও নাজমুল হাসান (২৪)। নিহত হৃদয় উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের উদনপাড়া গ্রামের আটিয়া বাড়ির মো. শাহজাহানের ছেলে এবং অপর নাজমুল একই এলাকার মো. শফিকের ছেলে।

 

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ঘটনার সময় হৃদয় ও নাজমুল মোটরসাইকেলে কাটাখালি এলাকা থেকে রামগঞ্জ উপজেলা শহরে যাচ্ছিলেন। এ সময় ঘটনাস্থলে অটোরিকশার সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে হৃদয় ও নাজমুল সড়কে ছিটকে পড়েন। দুর্ঘটনায় হৃদয় ঘটনাস্থলেই মারা যান।

 

নাজমুলকে উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকায় রেফার্ড করে। পরে ঢাকায় নেওয়ার পথে নাজমুলও মারা যান।

উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আনোয়ার হোসেন বলেন, দুর্ঘটনায় একজনকে আহত ও একজনকে নিহত অবস্থায় হাসপাতাল আনা হয়। আহতদের ঢাকায় পাঠানোর পথে মারা গেছেন।

 

রামগঞ্জ থানার উপ পরিদর্শক আনোয়ার হোসেন জানান, মরদেহ উদ্ধার করা হয়েছে। অটোরিকশা চালক ঘটনার পরপরই পালিয়ে গেছে। তাকে আটক করা সম্ভব হয়নি। নিহতদের পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা