সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি জানিয়েছেন, খালেদা জিয়ার চিকিৎসার অগ্রগতি বিষয়ে তিনি নিয়মিতভাবে জানতে পারছেন এবং তাঁর চিকিৎসায় যেন কোনো ঘাটতি না থাকে, সেই বিষয়ে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন।
শুক্রবার (২৮ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে প্রধান উপদেষ্টা দেশবাসীর প্রতি খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় দোয়া করতে আহ্বান জানান। তিনি লিখেন, তিনবারের সাবেক প্রধানমন্ত্রীর শারীরিক সুস্থতা দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং গণতান্ত্রিক উত্তরণের এই সময়ে তিনি জাতির জন্য অনুপ্রেরণা হয়ে আছেন।
ড. ইউনূস আরও উল্লেখ করেন, সরকারের পক্ষ থেকে বেগম খালেদা জিয়ার চিকিৎসার জন্য প্রয়োজনীয় সব সহযোগিতা দিতে প্রস্তুত রাখা হয়েছে। একই সঙ্গে সংশ্লিষ্ট চিকিৎসক ও প্রশাসনিক সকলকে সার্বক্ষণিক সমন্বয়ে থাকার নির্দেশ দিয়েছেন।