কুমিল্লার বুড়িচং উপজেলার রাজাপুর রেলস্টেশন। প্রায় ছয় বছর আগে বিপুল অর্থব্যয়ে এই স্টেশনে আধুনিকায়ন ও সম্প্রসারণ প্রকল্পের কাজ শেষ হলেও এখনো কার্যত অচল অবস্থায় পড়ে আছে পুরো স্টেশনটি। অবকাঠামো নতুন হলেও সেবা রয়ে গেছে আগের মতোই অনুন্নত।
স্টেশনে প্রবেশ করতেই চোখে পড়ে বন্ধ টিকিট কাউন্টার ও ধুলোমলিন পরিবেশ। স্টেশনের বিভিন্ন কক্ষ তালাবদ্ধ বছরের পর বছর। এমনকি সম্মুখের দুইটি পিলারের একটিতে দেখা গেছে গভীর ফাটল—যা নতুন অবকাঠামোর মান নিয়ে প্রশ্ন তুলছে।
প্লাটফর্ম জুড়ে একসময় স্থাপন করা হয়েছিল সারি সারি সোলার লাইট। কিন্তু এখন সব লাইট অকার্যকর। তদন্তে জানা গেছে, সোলার লাইটের ব্যাটারি ও তার আগেই চুরি হয়ে গেছে। ফলে রাতে পুরো প্লাটফর্ম পরিণত হয় অন্ধকারে; আর সেই সুযোগে সেখানে জড়ো হয় মাদকসেবী ও অসামাজিক লোকজন। স্থানীয়দের ভাষায়, রাতে এ স্টেশন হয়ে ওঠে এক আতঙ্কজনক এলাকা।
এলাকাবাসীর দাবি—অবিলম্বে স্টেশনটি পুরোপুরি সচল করা হোক এবং পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হোক। স্থানীয় জনপ্রতিনিধিরাও মনে করেন, দ্রুত রক্ষণাবেক্ষণ ও পূর্ণ পরিচালন কার্যক্রম শুরু না হলে শত কোটি টাকা ব্যয়ে নির্মিত এই প্রকল্পটি অচল হয়ে জনদুর্ভোগ আরও বাড়াবে।