প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

জামালপুর কারাগারে হাজতির রহস্যজনক মৃত্যু

জামালপুর প্রতিনিধি
প্রকাশিত: ২৮ নভেম্বর, ২০২৫

জামালপুর জেলা কারাগারে হযরত আলী (২৫) নামে এক হাজতির রহস্যজনক মৃত্যু নিয়ে নানা প্রশ্ন উঠেছে। শুক্রবার (২৮ নভেম্বর) দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত হযরত আলী দেওয়ানগঞ্জ উপজেলার চেংটিমারি এলাকার ইমান হোসেনের ছেলে।

 

কারা কর্তৃপক্ষের দাবি, বৃহস্পতিবার বিকেল সাড়ে তিনটার দিকে কারাগারের ভেতরে কাশি ও থুথু ফেলাকে কেন্দ্র করে হাজতি ‘পাগলা হযরত’-এর সঙ্গে অপর হাজতি রহিদুর মিয়ার কথা কাটাকাটি হয়। একপর্যায়ে রহিদুর শৌচাগারের দরজার কাঠের একটি টুকরা দিয়ে হযরতের মাথায় একাধিকবার আঘাত করে। পরে কারারক্ষী ও অন্য হাজতিরা আহত অবস্থায় তাকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে পাঠায়। সেখান থেকে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হয়ে উন্নত চিকিৎসার জন্য ঢামেকে স্থানান্তর করা হয়।

 

তবে কারাগারের ভেতরের বাস্তব চিত্র তুলে ধরে স্থানীয় সূত্র জানিয়েছে—ব্রহ্মপুত্র-৪সহ অধিকাংশ ওয়ার্ডের শৌচাগারগুলোতে দরজা নেই; অনেকে লুঙ্গি ছিড়ে পর্দা বানিয়ে ব্যবহার করেন। ফলে কাঠের দরজার টুকরা পাওয়ার দাবিটি প্রশ্নবিদ্ধ হচ্ছে। এমনকি দিনদুপুরে হাজতিরা শৌচাগার ব্যবহার করতে না পারার বিষয়টিও কারা পরিস্থিতির অব্যবস্থাপনা প্রকাশ করে।

 

এ কারণে সচেতন মহলের প্রশ্ন—হাজতীদের মধ্যকার মারামারি হলে সিসিটিভি ফুটেজ প্রকাশ করা হচ্ছে না কেন? কেউ কেউ ধারণা করছেন, হাজতিকে নির্যাতনের ঘটনা আড়াল করতেই “মারামারি”র কথা বলা হচ্ছে।

 

এ বিষয়ে জেলার লিপি রানী সাহার বক্তব্য নিতে যোগাযোগ করা হলেও তিনি ফোন ধরেননি।

 

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা