প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

আধিপত্য বিস্তারঃ ব্রাহ্মণবাড়িয়ায় স্বেচ্ছাসেবক দলের হাতে বিএনপি কর্মী নিহত

জেলা প্রতিনিধি
প্রকাশিত: ২৮ নভেম্বর, ২০২৫

সন্ত্রাসীদের গুলিতে মো. সাদ্দাম মিয়া (৩৭) নামে এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) রাত আনুমানিক ২টার দিকে ব্রাহ্মণবাড়িয়া শহরের কান্দিপাড়া এলাকায় সুপরিওলা বাড়ির সামনে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

মো. সাদ্দাম মিয়া কান্দিপাড়া এলাকার মো. মুস্তু মিয়ার ছেলে।

স্থানীয়রা জানান, রাতের নিস্তব্ধতায় হঠাৎ গুলির শব্দ শুনে ঘটনাস্থলে ছুটে গিয়ে সাদ্দাম মিয়াকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন তারা। দ্রুত তাকে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পরিবারের অভিযোগ, বৃহস্পতিবার রাত ২টার দিকে জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক দেলোয়ার হোসেন দিলীপ ও তার সহযোগীরা সাদ্দামকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। এর কিছুক্ষণ পর খবর আসে সাদ্দাম গুলিবিদ্ধ অবস্থায় সড়কে পড়ে আছেন। পরে তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। মূলত প্রতিপক্ষকে ফাঁসাতেই সাদ্দামকে হত্যা করা হয়েছে।

এর আগে, সাম্প্রতিক সময়ে কান্দিপাড়া এলাকায় বিএনপির দুই গ্রুপের মধ্যে আধিপত্য ও অর্থ লেনদেনকে কেন্দ্র করে উত্তেজনা চলছিল। বৃহস্পতিবার সন্ধ্যায় লায়ন শাকিল ও স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক দেলোয়ার হোসেন দিলীপ গ্রুপের সংঘর্ষে দুজন গুলিবিদ্ধ হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজহারুল ইসলাম বলেন, আধিপত্য বিস্তার নিয়ে কন্দিপাড়ার দুই গ্রুপের মধ্যে বিরোধ চলছে। এর জেরেই এই হত্যাকাণ্ড ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক দেলোয়ার হোসেন দিলীপ সাংবাদিকদের কাছে অভিযোগ অস্বীকার করে বলেন, তিনি সাদ্দামকে ডেকে নিয়ে যাননি। বরং সাদ্দাম তার সঙ্গেই ছিলেন। রাতে লায়ন শাকিল তাদের লক্ষ্য করে গুলি ছুঁড়লে সাদ্দাম গুলিবিদ্ধ হয়ে মারা যান।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা