প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

ডিএসই’র ফিক্স সার্টিফিকেশন পেল আরও ৯ ব্রোকারেজ হাউজ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৭ নভেম্বর, ২০২৫

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) আরও ৯টি ব্রোকারেজ হাউজকে ফিক্স সার্টিফিকেশন দিয়েছে। এর মধ্যে লংকাবাংলা সিকিউরিটিজকে পুনরায় (রিসার্টিফিকেশন) স্বীকৃতি দেওয়া হয়েছে।

ডিএসই কর্তৃপক্ষ ফিক্স সার্টিফিকেশন প্রদান করে ব্রোকারেজ হাউজগুলোকে অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস (এপিআই) সংযোগের মাধ্যমে নিজস্ব ওর্ডার ম্যানেজমেন্ট সিস্টেম (ওএমএস) চালুকরণের সুযোগ দেয়।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) ডিএসইর বোর্ডরুমে প্রতিষ্ঠানগুলোকে ফিক্স সার্টিফিকেশন প্রদান করেন প্রধান পরিচালনা কর্মকর্তা ও ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আসাদুর রহমান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধান প্রযুক্তি কর্মকর্তা ড. মো. আসিফুর রহমান, আইসিটি ডিভিশনের জেনারেল ম্যানেজার মো. তারিকুল ইসলাম, উপ-মহাব্যবস্থাপক হাসানুল করিমসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।

ব্রোকারেজ হাউজগুলো পক্ষে সার্টিফিকেশন গ্রহণ করেন বাংলাদেশ ফাইন্যান্স সিকিউরিটিজ লিমিটেডের এমডি ও সিইও খন্দকার মাহমুদুল হাসান, ফিনট্রা সিকিউরিটিজ লিমিটেডের এমডি অজিত কুমার বণিক, আইডিএলসি সিকিউরিটিজ লিমিটেডের এমডি এএইচএম নাজমুল হাসান, আইআইডিএফসি সিকিউরিটিজ লিমিটেডের সিইও মো. নাজমুল হাসান চৌধুরী, লংকাবাংলা সিকিউরিটিজ পিএলসির সিইও খন্দকার সাফাত রেজা, এমটিবি সিকিউরিটিজ লিমিটেডের সিইও মো. নজরুল ইসলাম মজুমদার, এসএআর সিকিউরিটিজ লিমিটেডের পরিচালক শরীফ তাশরুবা রহমান, সাউথ এশিয়া সিকিউরিটিজ লিমিটেডের সিইও মো. আলা উদ্দিন পাটোয়ারী এবং ওয়াইফাং সিকিউরিটিজ লিমিটেডের সিইও মো. মাসুদুজ্জামান।

ডিএসইর প্রধান পরিচালনা কর্মকর্তা মোহাম্মদ আসাদুর রহমান বলেন, “পুঁজিবাজারের ডিজিটাল রূপান্তরের অংশ হিসেবে আমরা স্টেকহোল্ডারদের সঙ্গে সম্পৃক্ততা বাড়াচ্ছি। এপিআই সংযোগ ও স্থানীয় টিমের সক্ষমতা আমাদের প্রযুক্তিকে গ্লোবাল স্ট্যান্ডার্ডের কাছাকাছি নিয়ে এসেছে।”

এর আগে ডিএসই মোট ৩৯টি ব্রোকারেজ হাউজকে ফিক্স সার্টিফিকেশন দিয়েছে। ২০২০ সাল থেকে ডিএসই এপিআই ভিত্তিক বিএইচওএমএস চালুর উদ্যোগ গ্রহণ করে এবং বর্তমানে ৪৭টি ব্রোকারেজ হাউজ এই সুবিধা গ্রহণ করেছে।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা