প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

খুলনা-১ আসনে জামায়াতের প্রার্থী হতে পারেন কৃষ্ণ নন্দী

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৭ নভেম্বর, ২০২৫

খুলনা-১ (দাকোপ-বটিয়াঘাটা) আসনের রাজনৈতিক অঙ্গনে নতুন আলোড়ন সৃষ্টি করেছে কৃষ্ণ নন্দীর নাম। তিনি জামায়াতে ইসলামের সম্ভাব্য প্রার্থী এবং হিন্দু সম্প্রদায়ের নেতা। দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত কৃষ্ণ নন্দীর প্রার্থিতা নিয়ে স্থানীয় ও জাতীয় পর্যায়ে ব্যাপক আলোচনা তৈরি হয়েছে।

ডুমুরিয়ার চুকনগর গ্রামের কৃষ্ণ নন্দী ২০০৩ সালে জামায়াতে ইসলামে যোগদান করেন। বর্তমানে তিনি ডুমুরিয়া উপজেলা জামায়াতের হিন্দু শাখা ও স্থানীয় সনাতন কমিটির সভাপতি। গত এক বছরে মিয়া গোলাম পরওয়ারের বিভিন্ন সমাবেশে সক্রিয় অংশগ্রহণ তার গ্রহণযোগ্যতা আরও বৃদ্ধি করেছে।

কৃষ্ণ নন্দী জানিয়েছেন, দলীয় মনোনয়ন পাওয়ার ব্যাপারে তিনি আশাবাদী। তার লক্ষ্য নির্বাচিত হলে সন্ত্রাসমুক্ত এলাকা গঠন, চাঁদাবাজি ও মাদক দমন এবং নদীভাঙন রোধে জরুরি প্রকল্প আনা।

তিনি বলেন, “জামায়াত একটি ন্যায়-সততার দল, যেখানে দুর্নীতি, চাঁদাবাজি ও মাদক নেই। তাই এই দলকে বেছে নিয়েছি। স্থানীয়ভাবে দীর্ঘদিনের চাপ ও বাধার মধ্যে থেকেও দলগত নীতি মেনে চলেছি।”

নির্বাচনী সমীকরণে নতুন পরিস্থিতি দেখা দিয়েছে। আওয়ামী লীগ না থাকার কারণে হিন্দু ভোটারদের অংশগ্রহণ স্বাধীনভাবে হবে এবং কৃষ্ণ নন্দীর গ্রহণযোগ্যতা বৃদ্ধি পাবে। বিএনপি এখনও প্রার্থী ঘোষণা না করায় প্রতিদ্বন্দ্বিতা অনিশ্চয়তায় রয়েছে।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা