প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

বাউলদের হামলায় জড়িত ব্যাক্তিদের গ্রেপ্তারে সাঁড়াশি অভিযান চলছে : প্রেস সচিব

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৭ নভেম্বর, ২০২৫

দেশের বিভিন্ন এলাকায় বাউল শিল্পীদের ওপর ধারাবাহিক হামলার ঘটনায় দ্রুত ব্যবস্থা নিতে মাঠে নেমেছে আইনশৃঙ্খলা বাহিনী। হামলার সঙ্গে জড়িতদের ধরতে সাঁড়াশি অভিযান পরিচালিত হচ্ছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে অনুষ্ঠিত নিয়মিত প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, “যেসব স্থানে বাউলদের ওপর হামলা হয়েছে, সেখানে পুলিশ ইতিমধ্যে তৎপরতা বাড়িয়েছে। বিশেষ করে মানিকগঞ্জ এলাকায় অভিযান জোরদার হয়েছে। অন্যান্য জেলাতেও একইভাবে অভিযান চলছে। খুব দ্রুত অগ্রগতি জানা যাবে।”

সাম্প্রতিক সময়ে বাউল শিল্পীদের ওপর হামলার পাশাপাশি এসব ঘটনার প্রতিবাদে আয়োজিত মানববন্ধনেও বেশ কয়েকটি হামলা হয়। এ নিয়ে উপদেষ্টা পরিষদের বৈঠকে কোনো আলোচনা হয়েছে কি না—এমন প্রশ্নে প্রেস সচিব জানান, বৈঠকে বিষয়টি কেন্দ্রীয় আলোচনায় না এলেও হামলাকারীদের ধরতে চিফ অ্যাডভাইজারের পক্ষ থেকে দ্রুত নির্দেশনা দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, “পুলিশ এখন খুব নিবিড়ভাবে অভিযান পরিচালনা করছে। আমরা আশা করি, অল্প সময়ের মধ্যেই এর দৃশ্যমান ফল পাওয়া যাবে।”

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা