আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জামালপুর-২ (ইসলামপুর) আসনে এ.এস.এম আব্দুল হালিমকে চূড়ান্ত মনোনয়ন দেওয়ার দাবিতে এক মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সকালে ১১নং চরপুটিমারী ইউনিয়ন বিএনপি (উত্তর)-এর উদ্যোগে আয়োজিত এ মানববন্ধনে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। হাতে ব্যানার ও প্ল্যাকার্ড নিয়ে তারা আব্দুল হালিমের পক্ষে সমর্থন জানান এবং চূড়ান্ত মনোনয়নের দাবি উত্থাপন করেন।
অংশগ্রহণকারীরা জানান, আসন্ন জাতীয় নির্বাচনে প্রার্থী মনোনয়ন নির্ধারণে নিরপেক্ষ জরিপের ফলাফলকে অগ্রাধিকার দেওয়ার দাবি তৃণমূলের দীর্ঘদিনের প্রত্যাশা। তাদের মতে, ইসলামপুরে জনপ্রিয়তা, গ্রহণযোগ্যতা এবং মাঠপর্যায়ের কার্যক্রমে ধারাবাহিক সক্রিয়তার কারণে এ.এস.এম আব্দুল হালিমই এই আসনের জন্য সবচেয়ে যোগ্য প্রার্থী। তাই তাকে চূড়ান্ত মনোনয়ন দেওয়ার আহ্বান জানান তারা।
স্থানীয় নেতাকর্মীরা বলেন, এ.এস.এম আব্দুল হালিম দীর্ঘদিন ধরে তৃণমূল সংগঠনকে শক্তিশালী করা, সাধারণ মানুষের পাশে দাঁড়ানো এবং রাজনৈতিকভাবে দলকে সুসংগঠিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তাই মনোনয়ন প্রক্রিয়ায় তৃণমূলের মতামত গুরুত্ব সহকারে বিবেচনা করা জরুরি।
এর আগে ইসলামপুর উপজেলা বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠনগুলো থানা মোড়ে কয়েক দফায় মানববন্ধন, অবস্থান কর্মসূচী, আলোর মিছিল ও অনশন কর্মসূচী পালন করে তার চূড়ান্ত মনোনয়নের দাবি জানান। পাশাপাশি কুলকান্দি ইউনিয়ন বিএনপি ও চিনাডুলী ইউনিয়ন বিএনপি পৃথকভাবে বিশাল মানববন্ধন, নারী সমাবেশ ও গণস্বাক্ষর কর্মসূচী আয়োজন করে একই দাবির পক্ষে অবস্থান তুলে ধরে।
তৃণমূল নেতাকর্মীদের অভিমত—জনপ্রিয়তা ও সাংগঠনিক শক্তির বাস্তব মূল্যায়ন করলে জামালপুর-২ (ইসলামপুর) আসনে এ.এস.এম আব্দুল হালিমকে চূড়ান্ত মনোনয়ন দেওয়া এখন অত্যন্ত সময়োপযোগী সিদ্ধান্ত হবে।