প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

গোপালগঞ্জে ব্যাংক এশিয়ার ২৬ বছরের সফল যাত্রা উদযাপন

গোপালগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ২৭ নভেম্বর, ২০২৫

গোপালগঞ্জের মুকসুদপুরে ব্যাংক এশিয়া পিএলসির ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকী বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে উদযাপন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে মুকসুদপুর বাজারে অবস্থিত শাখা কার্যালয়ে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে দিনটি পালন করা হয়। কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন আমন্ত্রিত অতিথিবৃন্দ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শাখা ব্যবস্থাপকসহ ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী, এজেন্ট ব্যাংকিং প্রতিনিধিগণ, নিয়মিত গ্রাহক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুকসুদপুর উপজেলার খ্যাতিমান ব্যবসায়ী ও ফরিদ মিয়া মার্কেট ভবনের মালিক ফরিদ আহমেদ মিয়া। তিনি ব্যাংক এশিয়ার সফল ২৬ বছরের যাত্রার প্রশংসা করে বলেন— “ব্যাংক এশিয়া শুরু থেকেই আধুনিক, গ্রাহকবান্ধব এবং প্রযুক্তিনির্ভর ব্যাংকিং সেবা প্রদানে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। এজেন্ট ব্যাংকিংয়ের বিস্তার গ্রামীণ জনপদে আর্থিক সেবার দ্বার উন্মুক্ত করেছে, যা দেশের আর্থিক অন্তর্ভুক্তিকে এগিয়ে নিচ্ছে।”

বক্তারা উল্লেখ করেন, উদ্ভাবনী ডিজিটাল সেবা, নিরাপদ লেনদেন ব্যবস্থা এবং গ্রাহকের প্রতি দৃঢ় আস্থার কারণে ব্যাংক এশিয়া আজ দেশের ব্যাংকিং খাতে একটি শক্ত অবস্থান অর্জন করেছে। তাদের মূল লক্ষ্য— “সবার জন্য ব্যাংকিং” —বর্তমানে প্রান্তিক জনগোষ্ঠীর কাছে সেবা পৌঁছে দেওয়ার মাধ্যমে বাস্তবায়িত হচ্ছে।

বক্তারা আরও বলেন, এজেন্ট ব্যাংকিং কার্যক্রমের ফলে কৃষক, শ্রমজীবী, ক্ষুদ্র উদ্যোক্তা এবং প্রবাসী পরিবারের সদস্যরা খুব অল্প সময়ে নির্ভরযোগ্য আর্থিক সেবা পাচ্ছেন। এতে স্থানীয় অর্থনীতির প্রবাহ বৃদ্ধি পাচ্ছে এবং আর্থিক লেনদেনে স্বচ্ছতাও নিশ্চিত হয়েছে।

অনুষ্ঠানের শেষে ব্যাংকের অগ্রগতি, গ্রাহকসেবার মানোন্নয়ন এবং নতুন প্রযুক্তিনির্ভর উদ্যোগ সফলভাবে বাস্তবায়নের জন্য বিশেষ দোয়া করা হয়। এসময় শাখা ব্যবস্থাপক বলেন—

“ব্যাংক এশিয়া পিএলসির আজকের অবস্থানে পৌঁছাতে গ্রাহকদের আস্থা, বিশ্বাস ও সহযোগিতাই সবচেয়ে বড় শক্তি। ভবিষ্যতেও আমরা উন্নত মানের সেবা দিতে বদ্ধপরিকর।”

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা