মেহেরপুরের গাংনী উপজেলায় বিএনপি ও বিভিন্ন রাজনৈতিক দলের মোট প্রায় ৩০০ কর্মী বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বিকেল ৩টার দিকে তেঁতুলবাড়িয়া ইউনিয়নের পলাশীপাড়া পশ্চিমপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত কর্মী সমাবেশে তারা আনুষ্ঠানিকভাবে জামায়াতে যুক্ত হন। অনুষ্ঠানে দলীয় নেতারা নতুন যোগদানকারীদের ফুল দিয়ে বরণ করেন।
তেঁতুলবাড়িয়া ইউনিয়নের ৬ ও ৭ নম্বর ওয়ার্ড থেকে আসা এ কর্মীরা দলে যুক্ত হয়ে সংগঠনের শক্তি আরও বাড়াবে বলে জানান নেতারা।
মেহেরপুর-২ (গাংনী) আসনে জামায়াতের সংসদ সদস্য প্রার্থী মো. নাজমুল হুদা বলেন, “আমরা আজ স্বাধীনভাবে কাজ করতে পারছি। একসময় আমাদের দলকে নিশ্চিহ্ন করার অপচেষ্টা হয়েছিল, কিন্তু সেটি কেউ সফল করতে পারেনি।” তিনি অভিযোগ করে বলেন, আগের সরকার বিদেশে বিপুল পরিমাণ অর্থ পাচার করেছে, যা দিয়ে দেশের বহু অবকাঠামো নির্মাণ করা যেত।
তিনি আরও জানান, ভবিষ্যতে জামায়াত ক্ষমতায় গেলে দলীয় নেতা-কর্মীরা সরকারি সুবিধা গ্রহণ না করে ন্যায়, ইনসাফ ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার প্রতিশ্রুতি নিয়ে কাজ করবে। নতুন এই যোগদানের মধ্য দিয়ে সংগঠন আরও সংগঠিত হবে বলেও মন্তব্য করেন তিনি।
সমাবেশে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী মেহেরপুর জেলা শাখার সচিব মাওলানা কাজী রুহুল আমিন, গাংনী উপজেলা আমির মো. রবিউল ইসলাম, উপজেলা সেক্রেটারি মাওলানা জাহাঙ্গীর আলম, ইউনিয়ন আমির মো. মতিয়ার রহমানসহ স্থানীয় নেতৃবৃন্দ।