প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

বাউল সম্প্রদায়ের ওপর হামলার ঘটনায় দোষীদের গ্রেপ্তারের নির্দেশ প্রধান উপদেষ্টার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৭ নভেম্বর, ২০২৫

বাউল সম্প্রদায়ের সদস্যদের ওপর সাম্প্রতিক হামলার ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনতে সংশ্লিষ্টদের স্পষ্ট নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বিষয়টি নিশ্চিত করেছেন তার প্রেসসচিব শফিকুল আলম।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রেসসচিব জানান, হামলাকারীদের ধরতে ইতোমধ্যে আইনশৃঙ্খলা বাহিনী দ্রুতগতিতে কাজ শুরু করেছে।

রোহিঙ্গা সংকট প্রসঙ্গে তিনি জানান, অতীতে এই ইস্যুটি গুরুত্ব হারালেও বর্তমান অন্তর্বর্তী সরকার আবারও বিষয়টিকে আন্তর্জাতিক অগ্রাধিকারের কেন্দ্রে এনেছে। কূটনৈতিক তৎপরতা, বৈশ্বিক যোগাযোগ এবং বিভিন্ন আন্তর্জাতিক সম্মেলনে অংশগ্রহণের মাধ্যমে সমস্যার সমাধানে নতুন উদ্যোগ নেওয়া হচ্ছে।

শফিকুল আলম বলেন, পূর্ববর্তী সরকার ইমেজ তৈরিতে বেশি মনোযোগ দেওয়ায় প্রকৃত সমাধান পিছিয়ে পড়ে। এখন বাস্তব অগ্রগতি নিশ্চিত করতেই সরকার কাজ করছে। ঈদের সময় সম্ভাবনার কথা বলা হলেও কূটনৈতিক প্রক্রিয়ায় সময় লাগে—ধৈর্য ধরে এগোতে হবে বলেও তিনি উল্লেখ করেন।

দেশজুড়ে ভবন তদারকি ব্যর্থতার বিষয়ে তিনি জানান, অনুমোদনহীন স্থাপনার সংখ্যা বাড়তে থাকায় তদারকি ব্যবস্থার দুর্বলতা স্পষ্ট হয়েছে। কোনো ধরনের অনুমোদন ছাড়া ভবন নির্মাণে কঠোর নিষেধাজ্ঞা পুনর্ব্যক্ত করেছেন প্রধান উপদেষ্টা। সিটি করপোরেশনগুলোর নিয়ন্ত্রণ ও অনুমোদন ব্যবস্থা আরও শক্তিশালী করতে সরকার কাজ করছে।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা