প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

সিসিইউতে নিবিড় পর্যবেক্ষণে খালেদা জিয়া

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৭ নভেম্বর, ২০২৫

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। দলের স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন বৃহস্পতিবার (২৭ নভেম্বর) দুপুরে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, দেশি-বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিক্যাল বোর্ডের সার্বিক তত্ত্বাবধানে চিকিৎসা নিচ্ছেন খালেদা জিয়া। তার দ্রুত সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছে বিএনপি।

এর আগেও মেডিক্যাল বোর্ডের সদস্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী জানিয়েছিলেন, খালেদা জিয়ার বুকে সংক্রমণসহ হার্ট ও ফুসফুসে জটিলতা দেখা দিয়েছে। গত রোববার (২৩ নভেম্বর) রাতে তিনি তার সর্বশেষ শারীরিক অবস্থা সম্পর্কে জানান।

উল্লেখ্য, গত রোববার সন্ধ্যায় গুলশানের বাসা ফিরোজা থেকে বিভিন্ন স্বাস্থ্য পরীক্ষা করানোর জন্য এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয় খালেদা জিয়াকে। পরে প্রয়োজনীয় পরীক্ষার ভিত্তিতে তাকে হাসপাতালে ভর্তি করা হয় বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ডা. আল মামুন।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা