রাজধানীর পূর্বাচলে রাজউকের প্লট বরাদ্দে জালিয়াতির অভিযোগে দুদকের করা পৃথক তিন মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয় ও মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলসহ মোট ২১ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) ঢাকার বিশেষ জজ আদালত-৫ এর বিচারক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন তিন মামলার রায় ঘোষণাকালে এই দণ্ডাদেশ প্রদান করেন। রায়ে শেখ হাসিনাকে মোট ২১ বছরের কারাদণ্ড ও তিন লাখ টাকা জরিমানা করা হয়। অপরদিকে পৃথক মামলায় জয় ও পুতুলকে পাঁচ বছর করে কারাদণ্ড এবং প্রত্যেককে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।
তবে অভিযোগের প্রমাণ পর্যাপ্ত না পাওয়ায় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা মো. সাইফুল ইসলাম সরকারকে খালাস দেওয়া হয়।
দণ্ডিত অন্যদের মধ্যে রয়েছেন— প্রধানমন্ত্রীর সাবেক একান্ত সচিব সালাউদ্দিন, সাবেক প্রতিমন্ত্রী শরীফ আহমেদ, সচিব মো. শহীদ উল্লাহ খন্দকার, অতিরিক্ত সচিব কাজী ওয়াছি উদ্দিন, সহকারী সচিব পূরবী গোলদার, রাজউকের সাবেক চেয়ারম্যান আনিছুর রহমান মিঞা, সাবেক সদস্য নাসির উদ্দীন, সাবেক মেজর সামসুদ্দীন আহমদ চৌধুরীসহ রাজউকের বিভিন্ন স্তরের সাবেক কর্মকর্তারা।
এদের মধ্যে কেউ তিন মামলায়, কেউ দুই মামলায় এবং কেউ এক মামলায় বিভিন্ন মেয়াদে দণ্ডপ্রাপ্ত হয়েছেন— যা এক বছর থেকে শুরু করে ১৮ বছর পর্যন্ত। একইসঙ্গে সংশ্লিষ্টদের বিরুদ্ধে বিভিন্ন অংকের আর্থিক জরিমানাও করা হয়েছে।