ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপে ৬ দশমিক ৩ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সকাল ১১টা ৫৬ মিনিটে নানগ্রো আচেহ দারুসালাম প্রদেশ থেকে প্রায় ৬৩ কিলোমিটার দূরে এই ভূমিকম্প অনুভূত হয়।
মাটির মাত্র ১৪ কিলোমিটার গভীরে উৎপন্ন হওয়ায় আশপাশের অনেক মানুষ তীব্রভাবে দুলুনি অনুভব করেন। তবে প্রাথমিক তথ্য অনুযায়ী, বড় ধরনের প্রাণহানি বা ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা নেই। ঘরের জিনিসপত্র পড়ে যাওয়া বা জানালা ক্ষতিগ্রস্ত হওয়ার মতো সামান্য ক্ষতি হতে পারে বলে জানানো হয়েছে।
ভূকম্পনবিষয়ক ওয়েবসাইট ভলকানো ডিসকভারি জানিয়েছে, ইএমএসসি এবং জার্মানির জিএফজেড গবেষণা কেন্দ্র প্রথমিকভাবে ৬ দশমিক ২ মাত্রার কম্পন রেকর্ড করেছে। যদিও সরকারি পর্যায়ের তথ্য অনুযায়ী, মাত্রা ছিল ৬ দশমিক ৩।
এর আগে গত শুক্রবার বাংলাদেশের রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় ৫ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়, যা সাম্প্রতিক বছরগুলোর মধ্যে অন্যতম তীব্র ধাক্কা ছিল। সেই কম্পনে নরসিংদীকে কেন্দ্র করে অন্তত ১০ জনের মৃত্যু এবং কয়েকশ মানুষের আহত হওয়ার ঘটনা ঘটে। আতঙ্কে অনেকেই বাসা-বাড়ি ও অফিস থেকে বের হয়ে রাস্তায় নেমে আসেন।