প্লট বরাদ্দে জালিয়াতির অভিযোগে দায়ের করা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১২ আসামির বিরুদ্ধে রায় ঘোষণা প্রক্রিয়া শুরু হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টা ২৩ মিনিটে ঢাকার বিশেষ জজ আদালত-৫ এর বিচারক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন রায় পড়া শুরু করেন।
শেখ হাসিনার মামলার রায় ঘোষণা সম্পন্ন হওয়ার পর পৃথক দুই মামলায় সজীব ওয়াজেদ জয়সহ ১৭ জন এবং সায়মা ওয়াজেদ পুতুলসহ ১৮ জন আসামির রায় পর্যায়ক্রমে ঘোষণা করা হবে।
সকাল থেকেই বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) একটি দল আদালতের মূল গেটে অবস্থান নিয়েছেন। এ ছাড়া রায়কে কেন্দ্র করে আদালত এলাকায় সেনাবাহিনী মোতায়েনের কথাও জানা গেছে।
দুদকের পাবলিক প্রসিকিউটর সুলতান মাহমুদ কালের কণ্ঠকে বলেন, ‘সাক্ষীদের জবানবন্দিতে আসামিদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ উঠে এসেছে। যুক্তিতর্ক উপস্থাপনে পূঙ্খানুপুঙ্খভাবে সবকিছু তুলে ধরা হয়েছে।ন্যায় বিচারের স্বার্থে আসামিদের সর্বোচ্চ সাজা যাবজ্জীবন কারাদণ্ড হবে বলে আশা করছি।’
আদালত ও মামলার সূত্রে জানা গেছে, গত ৩১ জুলাই ঢাকার বিশেষ জজ আদালত-৫-এ শেখ হাসিনা ও তার দুই সন্তানের বিচার শুরু হয়। বিচার চলাকালে আসামি শেখ হাসিনাসহ ১২ জনের মামলায় ২৯ জন, সজীব ওয়াজেদ জয়সহ ১৭ জনের মামলায় ৩২ জন এবং সায়মা ওয়াজেদ পুতুলসহ ১৮ জনের মামলায় ৩০ জনের সাক্ষ্যগ্রহণ করা হয়।
শেখ হাসিনার পরিবার ছাড়া এসব মামলার অন্য আসামিরা হলেন—জাতীয় গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মো. শহীদ উল্লা খন্দকার, অতিরিক্ত সচিব (প্রশাসন) কাজী ওয়াছি উদ্দিন, প্রশাসনিক কর্মকর্তা মো. সাইফুল ইসলাম সরকার, সিনিয়র সহকারী সচিব পূরবী গোলদার, রাজউকের সাবেক চেয়ারম্যান মো. আনিছুর রহমান মিঞা, সাবেক সদস্য (এস্টেট ও ভূমি) মোহাম্মদ খুরশীদ আলম, সদস্য (প্রশাসন ও অর্থ) কবির আল আসাদ, সদস্য (উন্নয়ন নিয়ন্ত্রণ) তন্ময় দাস, সদস্য (এস্টেট ও ভূমি) মো. নুরুল ইসলাম, সাবেক সদস্য (পরিকল্পনা) মোহাম্মদ নাসির উদ্দীন, সাবেক সদস্য (ইঞ্জিনিয়ার) সামসুদ্দীন আহমদ চৌধুরী (অব.), পরিচালক (এস্টেট ও ভূমি-২) শেখ শাহিনুল ইসলাম, উপপরিচালক মো. হাফিজুর রহমান, হাবিবুর রহমান, সাবেক প্রতিমন্ত্রী শরীফ আহমেদ ও প্রধানমন্ত্রীর সাবেক একান্ত সচিব সালাউদ্দিন।