দেশীয় জাতের প্রাণীসম্পদ সংরক্ষণ, উন্নয়ন ও উৎপাদন বাড়িয়ে খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জনে সরকার অব্যাহতভাবে কাজ করছে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহ ২০২৫ উপলক্ষে আয়োজিত উদ্বোধনী র্যালি শেষে তিনি এ বক্তব্য দেন।
‘দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি: প্রাণিসম্পদে হবে উন্নতি’ স্লোগানে এবার প্রথমবারের মতো রাজধানীসহ সারাদেশে একযোগে প্রাণী সম্পদ সপ্তাহ শুরু হয়েছে। সকালে মানিক মিয়া এভিনিউ থেকে শেরেবাংলা নগর মাঠ পর্যন্ত বর্ণাঢ্য র্যালির মাধ্যমে সপ্তাহের উদ্বোধন করা হয়।
উপদেষ্টা ফরিদা আখতার বলেন, সরকার বিদেশি প্রাণিসম্পদ আমদানির ওপর নির্ভরতা কমিয়ে দেশীয় উৎপাদন বাড়াতে বদ্ধপরিকর। দেশের চাহিদা পূরণের পাশাপাশি আন্তর্জাতিক বাজারেও স্থান করে নিতে সরকার কাজ করছে।
তিনি আরও জানান, প্রথমবারের মতো প্রাণী ও মৎস্য খাতে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে পাঁচটি ক্যাটাগরিতে মোট ১৫ জনকে পদক প্রদান করবে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়।