জামালপুর-২ (ইসলামপুর) আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী এ.এস.এম আব্দুল হালিমের প্রার্থিতা নিশ্চিত করার দাবিতে ‘আলোর মিছিল’ ও মোমবাতি প্রজ্জ্বলন কর্মসূচি পালন করেছে ইসলামপুর উপজেলা ছাত্রদল, পৌর ছাত্রদল ও কলেজ ছাত্রদল।
মঙ্গলবার (২৬ নভেম্বর) রাতে ইসলামপুর উপজেলা সদরে অনুষ্ঠিত এই প্রতীকী কর্মসূচিতে অংশ নেন বিপুল সংখ্যক ছাত্রদল নেতা-কর্মী। “তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের জন্য হোক” এবং “উন্নয়নের জন্য প্রয়োজন যোগ্য নেতৃত্ব”—এই শ্লোগানসম্বলিত ব্যানার হাতে তারা মোমবাতি জ্বালিয়ে শোভাযাত্রা বের করেন।
মিছিলজুড়ে কর্মীরা স্লোগান দেন— “হালিম তুমি আলো—ঘরে ঘরে জ্বালো”, “ইসলামপুরের উন্নয়নে হালিম ভাই চাই”। শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক ঘুরে শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
সমাবেশে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে এ.এস.এম আব্দুল হালিম ইসলামপুরের উন্নয়ন, শিক্ষা, চিকিৎসা, কৃষি, কর্মসংস্থান ও নদীভাঙন মোকাবিলায় সক্রিয়ভাবে কাজ করে আসছেন। তাদের দাবি— “টেকসই উন্নয়ন ও আধুনিক ইসলামপুর গড়তে সৎ ও কর্মঠ নেতৃত্ব হিসেবে হালিমের বিকল্প নেই।”
নেতাকর্মীরা অভিযোগ করেন, মনোনয়ন নিয়ে বিভ্রান্তি তৈরির চেষ্টা চলছে; কিন্তু স্থানীয় জনগণ যোগ্য প্রার্থী নির্বাচনই চায়। তাই তারা দলের হাইকমান্ডের কাছে দাবি জানান— জামালপুর–২ আসনে বিএনপির প্রার্থী হিসেবে এ.এস.এম আব্দুল হালিমকে যেন চূড়ান্ত মনোনয়ন দেওয়া হয়।
স্থানীয় রাজনৈতিক অঙ্গনে শান্তিপূর্ণ ও শৃঙ্খলাপূর্ণ এই ‘আলোর মিছিল’কে শক্তিশালী গণদাবির প্রতীক হিসেবে দেখা হচ্ছে। নেতাকর্মীরা জানান, ইসলামপুরের উন্নয়ন নিশ্চিতে তারা হালিমের মনোনয়নের দাবিতে ঐক্যবদ্ধ থাকবেন।