ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার পরিবারের সদস্যদের নামে অগ্রণী ব্যাংকের দুটি লকারে সংরক্ষিত ৮৩২ ভরি স্বর্ণালংকার জব্দের পর এগুলোর মালিকানা যাচাইয়ে কাজ শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার (২৬ নভেম্বর) দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন জানান, লকারে থাকা স্বর্ণগুলো আলাদাভাবে চিহ্নিত ছিল এবং নথি বিশ্লেষণে জানা গেছে—এগুলো শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা এবং মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলসহ পরিবারের কয়েকজনের ব্যক্তিগত সম্পদ।
তিনি বলেন, অনুসন্ধানকারী দল এখন স্বর্ণালংকারগুলো আলাদাভাবে সাজিয়ে মালিকানার সুনির্দিষ্ট ভাগ নির্ধারণ করবে। শেখ হাসিনার দাখিল করা সম্পদ বিবরণীর সঙ্গে মিলিয়ে দেখা হবে কোন অংশ তার, এবং কোনগুলো অন্য সদস্যদের।
দুদক মহাপরিচালক জানান, জব্দ করা স্বর্ণ বৈধ নাকি অবৈধ—এটি নির্ভর করবে সম্পদ বিবরণীর সঙ্গে আয়ের উৎসের সামঞ্জস্যের ওপর। জ্ঞাত আয়ের সঙ্গে মিল না থাকলে সম্পদ অবৈধ বলে বিবেচিত হতে পারে।
তিনি আরও বলেন, আদালতের বিদ্যমান নির্দেশনা অনুযায়ী কোন সম্পদ বাজেয়াপ্ত করা হতে পারে কি না, সে বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। দুদক আইন ও বিধি অনুযায়ী অনুসন্ধান দল আদালতের অনুমতির ভিত্তিতে চূড়ান্ত ব্যবস্থা নেবে।